
শেষ আপডেট: 21 March 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলা খারিজের পাশাপাশি এ ব্যাপারে মামলাকারীকে সতর্কও করেছে। বেঞ্চ জানিয়েছে, এভাবে অকারণে ফের আদালতের সময় নষ্ট করলে জরিমানার মুখে পড়তে হবে মামলাকারীকে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু। এবারে কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দুকে প্রার্থী করেছে বিজেপি। সৌমেন্দুর বিরুদ্ধে পাশঁকুড়া কলেজে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আবু সোহেল নামে এক আইনজীবী।
এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে সৌমেন্দুর আইনজীবী বলেন, আবু সোহেল তৃণমূলের জেলা পদাধিকারী। এর আগেও বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটের সময় সৌমেন্দুর নামে একাধিক মিথ্যে মামলা দায়ের করেছিলেন। এ ব্যাপারে সুপ্রিমকোর্ট থেকে সৌমেন্দুর রক্ষাকবচও রয়েছে।
এরপরই মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীকে আদালতের সময় নষ্ট না করার হুশিয়ারি দেয় বেঞ্চ।