
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 April 2024 09:38
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় দ্বিতীয় দফা ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর খবর সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সে বিজেপি দলের কর্মী বলেই দাবি করা হচ্ছে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল ওই কর্মীকে খুন করেছে। মৃতের পরিবার ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এই ঘটনায়।
মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পানের বরজের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মৃত্যু সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে প্রাথমিক অনুমান যুবক আত্মহত্যা করেছেন। তবে এই দাবি মানতে চায়নি বিজেপি।
দলের তরফে দাবি করা হয়েছে, তাঁদের ওই কর্মীকে খুন করে প্রমাণ লোপাট করার জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কোনও ভাবেই আত্মহত্যার ঘটনা নয়।
ময়না থেকে রাজনৈতিক কর্মীর দেহ উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২৩ সালেও বাকচার গোড়ামহল গ্রামেই বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। এই বছর লোকসভা ভোটের মধ্যে ফের ময়নায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।