
শেষ আপডেট: 16 March 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ফিরেই স্বমেজাজে বিজেপি নেতা অর্জুন সিং।
তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন অর্জুন। শুধু তাই নয়, সরাসরি পার্থর নাম উল্লেখ করে অর্জুন বলেন, "অপেক্ষা করুন। দুয়ারে ইডি! সন্দেশখালি টু নৈহাটি ট্রেন চালু হচ্ছে। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বেআইনি কারবারের সঙ্গে পার্থ ভৌমিক যে জড়িত তাঁর প্রমাণ আমার হাতে রয়েছে।"
অর্জুনের আরও দাবি, "আমি প্রমাণ ছাড়া কথা বলি না। শাহজাহান-শিবু হাজরার সঙ্গে পার্থ ভৌমিকও নৈহাটিতে প্রচুর জমি কিনেছেন। হোটেলের ব্যবসা থেকে মাছের ব্যবসা, কত কী করেছেন, শাহজাহানের সঙ্গে পার্থ ওতপ্রোতভাবে জড়িত, সব নথি আমার কাছে আছে। সময় এলেই দেখতে পাবেন।"
জবাবে পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে পার্থ ভৌমিকের কাছ থেকেও। পার্থ বলেন, "ওনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে টিভিতে মুখ না দেখিয়ে যেখানে জমা করার করতে বলুন না!"
একই সঙ্গে অর্জুনকে 'বন্ধু' সম্বোধন করে পার্থ বলেন, "এসব মিথ্যে বলে টিভির পর্দায় মুখ দেখানো যায়, মানুষের মন জয় করা যায় না। নমিনেশন জমা করব, তখন সব দেখে নেবেন।"
বৃহস্পতিবার নৈহাটির হনুমান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করার সময় অর্জুন সিংকে কটাক্ষ করে পার্থ বলেছিলেন, "অর্জুন সম্পর্কে আমি আর কী বলব! ওর ভাইপো বলছে পাল্টুরাম! বিহারের নীতীশ কুমার!" তারই জবাবে এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি পার্থর নাম উল্লেখ করে 'দুয়ারে ইডি! সন্দেশখালি টু নৈহাটি ট্রেন চালু হচ্ছে।' হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন।
পর্যবেক্ষকদের মতে, পার্থর বাড়িতে ইডি অভিযানের ইঙ্গিত দিতে চেয়েছেন অর্জুন। যা নিয়ে ইতিমধ্যে এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে শুক্রবার ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন।
প্রসঙ্গত অর্জুন দলবদলের কথা বৃহস্পতিবার প্রকাশ্যে জানাতেই পাল্টা হিসেবে অর্জুনের ভাইপো সৌরভ সিংহকে নিজের নির্বাচনী এজেন্ট করেন পার্থ। তারপরই কাকুর বিরুদ্ধে সরব হয়েছিলেন সৌরভ। পর্যবেক্ষকদের অনেকের মতে, 'অর্জুনকে ব্যাকফুটে ঠেলতে প্রচারে সৌরভই পার্থর প্রধান হাতিয়ার হতে চলেছে।'