
শেষ আপডেট: 21 March 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: বাংলার আটটি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। ফলে জোটের পথ খোলা রইল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বামেরা ইতিমধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আইএসএফ-ও এদিন জানিয়ে দিয়েছে তারা কোন আসনগুলি থেকে লড়বে। ফলে বিধানসভার মতো লোকসভাতেও বাংলায় বাম, কংগ্রেস এবং আইএসএফের জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিন কংগ্রেসের তরফে বহরমপুর, কলকাতা উত্তর, পুরুলিয়া, বীরভূম, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং রানিগঞ্জের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বহরমপুর থেকে লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাত, বীরভূমে মিল্টন রশিদ, রানিগঞ্জে আলি ইমরান রামজ ওরফে ভিক্টর, মালদহ উত্তরে মোস্তাক আলম, মালদহ দক্ষিণ থেকে লড়বেন ঈশাখান চৌধুরী।
প্রদীপবাবুর ভোটে দাঁড়ানোকে স্বাগত জানিয়ে কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুমন রায় চৌধুরী বলেন, "এই কঠিন সময়ে যখন অনেক বর্ষীয়ান নেতৃত্ব নির্বাচনী লড়াই থেকে দূরে সরে থাকছেন, তখন কলকাতা উত্তর কেন্দ্রে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ময়দানে নেমে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।"
কংগ্রেসের তালিকা প্রকাশের বিষয়ে সিপিএম বা আইএসএফের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে একান্ত আবোচনায় এরাজ্যের কংগ্রেস, আইএসএফ এবং সিপিএম একাংশ নেতারা জোটের সপক্ষেই মত জানিয়েছিলেন। তাঁদের মতে, জোট না হলে আদতে ভোট ভাগাভাগি হয়ে যায়। তাতে আখেরে লাভ হয় শাসক তৃণমূলের।
প্রসঙ্গত, রাহুলের ভারত জোড়ো যাত্রায় বহরমপুরে তাঁর মিছিলে পা মেলাতে দেখা গিয়েছিল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। প্রকাশ্যে অবশ্য জোট শব্দটিতে আপত্তি রয়েছে সিপিএমের একাংশ নেতার। তাঁদের মতে, জোট নয়, নির্দিষ্ট দাবির ভিত্তিতে আসন সমঝতা। এখন দেখার, একুশের বিধানসভার মতো এবারের লোকসভাতেও তাঁরা একত্রিত হন কি না।