
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 24 March 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবহাওয়া দফতর বলেছে, মার্চ মাসের শেষ থেকে গরম বাড়বে। শুধু তাই নয়, এবছর রের্কড গরম পড়বে। কিন্তু ভরা গ্রীষ্মে লোকসভা ভোট। এবার তাই প্রচারে স্বাস্থ্যের বিষয়ে বেশি সচেতন থাকতে হবে প্রার্থীদের।
রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রচারে নেমেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রোদে প্রচার চালানোর কারণে এখন থেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন কল্যাণবাবু। প্রচারে বেরনোর আগে স্নান-পুজো সেরে ব্রেকফাস্ট করে নিলেন। পাতে ছিল, দুটো টোস্ট, এক বাটি মাশকলাই, কলা, কয়েক কুচি আপেল। হাল্কা রঙের সুতির পাঞ্জাবি পরে উত্তরপাড়ার ফ্ল্যাটে থেকে কর্মীদের সঙ্গে প্রচারে নেমে পড়েন কল্যাণবাবু।
এদিন ডানকুনির চাকুন্দি থেকে গোবরা পর্যন্ত জনসংযোগ করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। কয়েকদিন আগে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখতে দেখা গেছিল। এখন নিজেই মাঠে নেমে প্রচার চালাচ্ছেন প্রার্থী।