
বাগডোগরা বিমানবন্দরে দেব
শেষ আপডেট: 23 April 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পরনে ব্লু জিনস ও চেক শার্ট। বাগডোগরা বিমানবন্দরের এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসছেন দেব। তখনই স্লোগান উঠল 'জয় শ্রী রাম'। সেই স্লোগান শুনেই সোজা আসার সময় ডানপাশে সরে গেলেন দেব। যে ব্যক্তি স্লোগান দিচ্ছিলেন জড়িয়ে ধরলেন তাঁকে। তারপর আবার নিজের রাস্তায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,"উনি বিজেপি কর্মী নন, উনি ভারতীয়। আমরাই দেশটাকে হিন্দু-মুসলিম, তৃণমূল-বিজেপি, গরীব-বড়লোকে ভাগ করে রেখেছি। বড় বড় নেতারা ভাগ করেছেন। আমি কোনও বিভাজনে বিশ্বাস করি না। সবাই ভারতীয়। যেই জিতুক দেশটার যেন উন্নতি হয়।"
দেব দেখে বাগডোগরায় জয় শ্রীরাম ধ্বনি#TheWallbangla #DipakAdhikarydev #WestBengal #bagdogra #airportthoughts #LokSabhaElections2024 pic.twitter.com/RItYdFP9Ao
— The Wall (@TheWallTweets) April 23, 2024
তৃণমূলের স্টার ক্য়াম্পেনার তিনি। উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারের জন্য এদিন বাগডোগরায় নামেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। আর বিমানবন্দর থেকে বার হওয়ার সময় তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন ওই ব্যক্তি। তবে তাতে যে তিনি এতটুকুও বিরক্তি নন,স্পষ্ট করে দিলেন তা। ওই ব্য়ক্তিকে জড়িয়ে ধরার পরেই বললেন “দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়।”
দেব বলেন, “রামনবমীতে ‘জয় শ্রীরাম’ বলতে আমার কোনও অসুবিধা নেই। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ,অনেক সময় বিরোধী দলেরা দেখলে স্লোগান দেয়, ঠিক আছে।”
রামনবমীর দিন ঘাটালে রামের পুজো দিয়েছিলেন দেব। সে দিন তাঁর গলাতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গিয়েছিল। তা নিয়ে জলঘোলাও হয়েছিল বিস্তর। রাজনীতির জন্য তিনি ধর্মকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছিলেন ঘাটালে তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়। দেব অবশ্য দাবি করেন বিজেপি প্রার্থী যদি ইফতার পার্টিতে যেতে পারেন, তিনিও রামনবমী পালন করতে পারেন।