
শেষ আপডেট: 9 March 2024 16:04
দ্য ওয়াল ব্য়ুরো: র্যাম্প। তৃণমূলের ব্রিগেডে এই প্রথমবার র্যাম্প! দলীয় সূত্রের দাবি, দর্শকাসনে থাকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আরও বেশি জনসংযোগের লক্ষ্যেই এমন আয়োজন।
এদিন মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, “এই প্রথমবার এমন ব্যবস্থা করা হল।”
কেন? সূত্রের দাবি, এর ফলে দর্শকাসনে বসে একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পাবেন কর্মীরা। এর মাধ্যমে সরাসরি কর্মীদের সঙ্গে আরও বেশি জনসংযোগ গড়ে তোলা যাবে বলেও মনে করা হচ্ছে।
আগামী ১০ মার্চ ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওইদিন সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'।
জানা যাচ্ছে, ব্রিগেড মাঠের সভায় থাকবে ৩৩০ ফুট লম্বা এই র্যাম্প। সূত্রের দাবি, এবারে ব়্যাম্পে হেঁটেই ভাষণ রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষে-সহ অন্যান্য নেতৃত্বরা।
দলীয় সূত্রের খবর, এবারে ব্রিগেডে থাকবে আরও একাদিক চমক। বদল আনা হচ্ছে মঞ্চের ধরনেও। ভিড়ের দিক থেকেও এবারের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। নিরাপত্তার ক্ষেত্রেও আনা হচ্ছে বিশেষ কিছু পরিবর্তন।
প্রসঙ্গত, এদিনই ডোরিনা ক্রসিংয়ে দলের মহিলা সংগঠনের কর্মসূচি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, ব্রিগেড থেকে ভয়ঙ্কর গর্জন হবে। অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে সফরে এসে তিন তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রিগেড থেকে এ সব ব্যাপারে মমতা এবং অভিষেক কী কী বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।