
শেষ আপডেট: 21 April 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার রাত থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় হামলা নিয়ে উত্তেজনা রয়েছে হিঙ্গলগঞ্জে। তার মধ্যে সাহেবখালিতে রেখার সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহেবখালি অঞ্চলের রমাপুর গ্রামের ১৯৭ নম্বর বুথে গত কয়েকদিন আগে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি ব্যানার লাগানো হয়েছিল। রবিবার সকালে সেই ব্যানারটি ছেঁড়া অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। এরপরেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিজেপি নেতা পলাশ সরকার বলেন, "ব্যানার ছিঁড়ে ফেলে রেখা পাত্রকে কিছু মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এই নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে উৎখাত করবে বিজেপি।"
তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, বাইরের থেকে লোক নিয়ে এসে নিজেরাই ব্যানার ছিঁড়ে প্রচারে আসতে চাইছে বিজেপি। তাদের হিঙ্গলগঞ্জে কোনও প্রভাব নেই।"
শনিবার হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকায় বিজেপির পথসভা চলছিল। সেই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী রেখা পাত্র। বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গেই হামলা চলে। বিজেপির অভিযোগ, কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল ও বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়।