
শেষ আপডেট: 30 March 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: কড়কড়ে গরম পড়ছে। এখন বেশি করে জল খেতে বলছেন সকলেই। ডিহাইড্রেশন যাতে না হয় সে জন্য জল খেতেই হবে। তবে কতটা? সারাদিনে ঠিক কতটা জল খাওয়া দরকার সে নিয়ে নানা মুনির নানা মত। চলুন জেনেনি আমাদের শরীরের জন্য ঠিক কতটা জল দরকার।
গরমে বেশি করেই জল কেতে বলছেন ডাক্তারবাবুরা। তবে প্রয়োজনের অতিরিক্ত নয়। সারাদিন ঢকঢক করে জল খেয়ে যাওয়াটা (Water Intake) কোনও কাজের কথা নয়। শরীরের কলকব্জা ঠিক রাখতে হলে জলের প্রয়োজন সবচেয়ে বেশি নিঃসন্দেহে। তবে ঠিক কোন সময় কতটা জল শরীরে দরকার সেটাও জানা উচিত। শরীর হল মেশিনের মতো। যাকে চালাতে জল অবশ্যই দরকার। তবে নির্দিষ্ট পরিমাণে। প্রয়োজনের বেশি জল সিস্টেমে ঢেলে দিলে সেটা তো বিগড়ে যাবেই! ডাক্তাররা তাই বলেন, জল খান, তবে মেপে। যতটা দরকার ঠিক ততটাই।
তাহলে শরীরের জন্য জল কতটা দরকার? ঠিক কী পরিমাণে জল খেতে হবে? সারাদিন বোতল বোতল জল খেলেই কি শরীর তরতাজা থাকবে? অনেকেই বলেন দিনে পাঁচ লিটার জল খাওয়া উচিত, এটা কি ঠিক? সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলিই সবচেয়ে আগে আসে। ডাক্তারবাবুরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়েছেন।
জল খান মেপে, ঠিক কতটা?
১) হার্ট, লিভার, কিডনি একদম ঠিক থাকলে, শরীরে রোগ কম থাকলে দিনে আড়াই থেকে তিন লিটার জল জরুরি।
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দিনে ৩.৭ লিটার (১২৫ আউন্স) ফ্লুইড (Fluid) দরকার হয়। একজন মহিলার সেখানে দরকার হয় ২.৭ (৯১ আউন্স) লিটার ফ্লুইড।
২) ফ্লুইড অর্থে শুধু জল নয়, চা-কফি, হেলথ ড্রিঙ্ক, দুধ সবই হতে পারে। মানে যে কোনও লিকুইড। যদি সারাদিনে চা-কফির পরিমাণ বেশি হয়, তাহলে সেই অনুপাতে জল মেপে খাওয়া উচিত।
৩) নিয়মিত শরীরচর্চা করেন যাঁরা, ওয়েট ট্রেনিং করেন তাঁদের জল বেশি খেতেই হবে।
৪) শরীরের ওজন কতটা সেই অনুপাতে কতটা জল দরকার হয় তার হিসেব বের করা যায়। যার ওজন ৫০ কিলোগ্রাম তার যতটা জল খাওয়া উচিত, ৯০ কিলোগ্রাম ওজন হলে সেই পরিমাণ বদলে যাবে।
শরীরের ওজন যত তাকে ২ দিয়ে ভাগ করলে যে ফল বেরবে ততটাই জল দরকার হয় শরীরে। যেমন ওজন যদি হয় ১৮০ পাউন্ড (প্রায় ৮১ কিলোগ্রাম) তাকে ২ দিয়ে ভাগ করলে হবে ১৮০/২=৯০ আউন্স (২.৬৬ লিটার) জল খাওয়া দরকার। তবে আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন সারাদিনে একটা মানুষ কতটা সক্রিয়, কী পরিমাণ কাজ করছেন, শরীরকে কতটা খাটানো হচ্ছে এই বিষয়গুলোর উপরেও জলের পরিমাণ নির্ভর করে।
কখন কতটা জল খাবেন?
শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে জল খাওয়া উচিত তেষ্টা পেলে। ডায়াবিটিস থাকলে অনেক সময় শরীরে জলের চাহিদা না থাকলেও তেষ্টা পায়। কিডনি ঠিক থাকলে তাতে ক্ষতি নেই। কিডনি অকেজো হয়ে গেলে অতিরিক্ত জল বের করে দিতে পারে না, তাই বেশি জল খেলে শরীর ফুলে ওঠে। সেক্ষেত্রে জল পরিমাণমতোই খাওয়া উচিত।
ঠান্ডা ঘরে বেশিক্ষণ থাকলে একগাদা জল খাবেন না। এক–আধবার চা খেয়ে তেষ্টা মেটালে কোনও ক্ষতি নেই। হার্টের রোগ থাকলেও দিনে ২-৩ লিটার জল খাওয়া যেতেই পারে। তবে যদি জটিল কোনও অপারেশন হয়ে থাকে বা হার্ট অ্যাটাক, কার্ডিওমায়োপ্যাথির মতো সমস্যা থাকে তখন বেশি জল খাওয়া বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে সারাদিনে কতটা জল খেতে হবে সেটা ঠিক করে নেওয়াই ভাল।