
শেষ আপডেট: 15 August 2023 10:33
দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections/UTI) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীতে এই সংক্রমণ (Urinary Tract Infection) হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তলপেটের ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় যোনিতে জ্বালা-ব্যথাভাব, সেই সঙ্গে শীত শীত ভাব, কাঁপুনি–এ সবই হল প্রস্রাবের সংক্রমণের প্রাথমিক উপসর্গ।
যাঁরা ঘন ঘন ট্র্যাভেল করেন এবং ট্রেন বা প্লেনের বাথরুম ব্যবহার করতে হয় সেই কারণে তাঁরা হাড়ে-হাড়ে জানেন স্টেশন-এয়ারপোর্ট সর্বত্র কী হাল থাকে টয়লেটের। অনেক মেয়ে তো বাথরুমে যাওয়ার ভয়ে এই সব দিনগুলোতে জল খাওয়াই বন্ধ করে দেন এবং সে কারণে নানা জটিল শারীরিক সমস্যার মুখোমুখিও (Urinary Tract Infection) পড়তে হতে পারে। কিন্তু এই সব ব্যস্ততার দিনগুলোতে কী করা যায়, সে সম্পর্কেও কোনও পরিষ্কার ধারণা নেই কারও কাছে।
আরও পড়ুন: র্যাগিং পরিকল্পিত অপরাধ, কোন মানসিক স্থিতিতে নির্মম হয়ে ওঠে বয়ঃসন্ধির ছেলেমেয়েরা

কী কী মেনে চলবেন?
প্রথম হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। যাঁরা নিয়মিত পুকুরে বা সুইমিং পুলে সাঁতার কাটেন, তাঁরা পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। এই ধরনের জলাশয় থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
প্রতিবার মূত্রত্যাগের পর জায়গাটা জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে।
প্রচুর জল খেতে হবে – তাতে বারবার মূত্রত্যাগ করতে হলেও অসুবিধে নেই। যত বেশিবার শরীর থেকে মূত্র নির্গত হবে, তত কমবে জীবাণুর মূত্রনালিতে বাসা বাঁধার আশঙ্কা।
আজকাল টয়লেট সিট স্যানিটাইজ়ার কিনতে পাওয়া যায়, আগে তেমন কিছু একটা সংগ্রহ করুন। অতি অবশ্যই টয়লেট সিটের উপর তা ছড়িয়ে নিন, টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছুন, একবার ফ্লাশ করুন তার পর ব্যবহার করবেন। পাওয়া যায় ডিসপোজ়েবল সিট কভারও, তেমন কিছুও ব্যবহার করতে পারেন।
পাবলিক টয়লেটের মেঝেতে জিনিসপত্র রেখে কখনও, কোনও পরিস্থিতিতেই টয়লেট ব্যবহার করবেন না। যদি দরজায় ঝোলানোর আংটা লাগানো থাকে, সেখানেই ব্যাগ ঝুলিয়ে রাখুন। মোবাইল ফোন ব্যাগের মধ্যে রাখুন, বাইরে কোথাও রাখবেন না।
টয়লেটের দরজার নবেও প্রচুর জীবাণু থাকে। তাই বেরিয়ে এসে একবার হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করবেন অবশ্যই।
প্রতিদিন স্নানের সময় জল দিয়ে যোনি পরিস্কার, পরিচ্ছন্ন রাখাটা দরকারি। বাজার চলতি কেমিক্যাল ব্যবহার না করে জল বা বিশেষজ্ঞের পরামর্শ মতো ভ্যাজাইনাল লোশন ব্যবহার করতে পারেন। ঋতুস্রাবের সময়েও এই পরিচ্ছন্নতাটা খুবই প্রয়োজনীয়।
অন্তর্বাস কাচুন নিয়মিত। সেই ক্ষেত্রেও অতিরিক্ত কড়া সাবান ব্যবহার না করাই ভাল। কাচার পরে কড়া রোদে শুকোনো জরুরি। অন্ধকার, স্যাঁতস্যাঁতে জায়গায় শুকনো করা অন্তর্বাস কিন্তু সংক্রমণের কারণ হতে পারে।