
শেষ আপডেট: 23 December 2020 11:17
বাচ্চার কথা বুঝুন
বাচ্চাদের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হল তাদের বাবা মা। তাই বাচ্চারা যা বলতে চায়ছে সেটা আগে বোঝা দরকার বাবা মায়ের। মন দিয়ে কথা শুনে, তার সমস্যার সমাধান করা দরকার। যে কোনওরকম কঠিন পরিস্থিতিই আসুক না কেন, বাবা মা যে সবসময় বাচ্চাটির পাশে আছে সেই ভরসা তাকে দেওয়া দরকার। তাহলেই অনেকটা মানসিক চাপ মুক্ত হবে বাচ্চারা। তাদের ভেতরে জমে থাকা ভয়ও কেটে যাবে।
রুটিনের পরিবর্তন ঘটেছে
বাচ্চারা ছোটবেলা থেকে যে রুটিনে পড়াশোনা, স্কুলে যাওয়া ইত্যাদি করত এখন সেখানে বিরাট পরিবর্তন এসেছে। করোনা আবহে তাদের বাইরে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে! এর জন্য তাদের প্রতিদিনের যে রুটিন, সময়মতো খাওয়া, ঘুমোনো তাতেও ব্যাঘাত ঘটছে। এই কারণে তারা অসুস্থ হয়েও পড়ছে! তাই তাদের জন্য বাবা মায়ের আরও বেশি যত্নশীল হওয়া দরকার, নির্দিষ্ট রুটিন মেনেই যাতে বাচ্চারা চলে সে দিকে নজর দেওয়া দরকার।
বাচ্চাদের প্রশংসা করুন
বাচ্চাদের ভুলকে সংশোধন করার সঙ্গে সঙ্গে তাদের ভাল কাজের প্রশংসাও করুন। এটা তাদের মনকে যেমন ভাল রাখে, তেমনই ভাল কাজ করার প্রতি তাদের আগ্রহ জন্মায়। এর ফলে আপনার সঙ্গে আপনার বাচ্চার সম্পর্কও আরও মজবুত হয়। চাইলে আপনিও বাচ্চাদের সঙ্গে আইসক্রিম খেতে, বেড়াতে যেতে পারেন, টিভি প্রোগ্রাম দেখতে পারেন যা আপনারও মনকে ভাল রাখবে।
ক্রিয়েটিভ কিছু তৈরি করুন
বাচ্চার সঙ্গে বসে ক্রিয়েটিভ কাজ করুন। খেলুন, ছবি আঁকুন, এটা আপনার বাচ্চার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও মনকে ভাল রাখবে। অনলাইন ক্লাসের চাপ, একাকীত্ব ইত্যাদির হাত থেকে বাচ্চার মনকে ভাল রাখবে।
