
শেষ আপডেট: 21 August 2019 17:44
দ্য ওয়াল ব্যুরো: বিমানে করে বিদেশ যাত্রা এবং সেই যাত্রাপথে বিকিনি-পরিহিতা সুন্দরী এয়ারহোস্টেসদের পরিষেবা। এই সবটাই মিলবে, মাত্র ন'টাকার বিনিময়ে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভিয়েতনামের লো কস্ট এয়ারলাইন্স 'ভিয়েতজেট'-এর সৌজন্যে খুব সহজেই এই অফার পেতে পারেন পর্যটকরা।
ভিয়েতজেট বিশ্বের নানা প্রান্তে সুপরিচিত হলেও, এত দিন ভারতে এর পরিষেবা ছিল না। আগামী ডিসেম্বর মাস থেকে ভারত ও ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে ভিয়েতজেট ৷ আর সেই উপলক্ষ্যেই তারা নিয়ে এসেছে এই বিশেষ 'গোল্ডেন ডেজ' অফার৷
তবে ভিয়েতজেট এয়ারলাইন্স জানিয়েছে, এই গোল্ডেন ডেজ অফার চালু থাকবে মাত্র তিন দিন ৷ ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত ৷ এই অফারে ভিয়েতজেট বিমানে টিকিট কাটা যাবে নয়াদিল্লি থেকে হোচিমিন সিটি বা হ্যানয়ে। এই দু'টি নতুন রুটেই নন-স্টপ ফ্লাইট শুরু করতে চলেছে ভিয়েতজেট৷ তিন দিনের বিশেষ অফারে মাত্র ৯ টাকা বেস ফেয়ারে প্লেনের টিকিট পেয়ে যাবেন যাত্রীরা ৷ এর সঙ্গে অবশ্য ভ্যাট, এয়ারপোর্ট ফি ও অন্যান্য সারচার্জ যুক্ত করা হবে ৷
প্রসঙ্গত, ভারতীয় মুদ্রায় এক টাকা ভিয়েতনামের ৩২৪ টাকার সমান।
www.vietjetair.com ওয়েবসাইটে গিয়ে এই প্লেনের টিকিট বুক করা যেতে পারে৷ এ ছাড়া ভিয়েতজেট মোবাইল অ্যাপ ব্যবহার করেও টিকিট বুক করতে পারবেন ইচ্ছুকরা৷ ৬ ডিসেম্বর ২০১৯ থেকে ২৮ মার্চ ২০২০ সময়সীমার মধ্যে কাটতে হবে টিকিট।
ভিয়েতজেট জানিয়েছে, ৬ ডিসেম্বর ২০১৯ থেকে থেকে প্রতি সোম, বুধ, শুক্র ও রবিবার করে এই বিমান পরিষেবা চালু করা হবে দিল্লি থেকে হ্যানয় অবধি৷ এবং মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সন্ধে সাতটায় হোচিমিন সিটি থেকে বিমান পরিষেবা চালু হবে, যা নয়াদিল্লিতে রাত ১০:৫০ মিনিটে পৌঁছবে৷ আবার নয়াদিল্লি থেকে রিটার্ন ফ্লাইট রাত ১১:৫০ ছাড়বে এবং সকাল ৬:১০ মিনিটে (ভিয়েতনামের স্থানীয় সময়) হোচিমিন সিটি পৌঁছবে৷ দু'টি রুটের জন্যই এখনই বুক করতে পারেন টিকিট।
নতুন রুটের বিমানে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্যই এই লোভনীয় অফার ঘোষণা করেছে সংস্থা। অফারে মোট আট হাজারটি আসনের জন্য টিকিট বিক্রি হবে বলে জানা গিয়েছে।