
শেষ আপডেট: 20 April 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের সমস্যা বাড়ছে। জল শুকিয়ে যাচ্ছে শরীরের। আন্ত্রিকের সমস্যায় দেহে জলশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। বেরিয়ে যায় প্রয়োজনীয় লবণ ও শর্করাও। দেহের প্রয়োজনীয় জল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সারা পৃথিবীতেই রোগীকে ওআরএস (ORS) খাওয়ানোর প্রচলন রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যা গরম পড়েছে তাতে বাড়িতেই লেবুর শরবত বানিয়ে খান। বাড়িতে বানিয়ে নিন ওআরএস (Oral rehydration therapy)।
কারা খাবেন?
আন্ত্রিকের সমস্যা, জলশূন্যতা বা ডিহাইড্রেশন ও বমি হচ্ছে এমন রোগীদের সাধারণত ওআরএস খাওয়ানো হয়। এই গরমে এখন ঘরে ঘরে পেটের সমস্যা হচ্ছে, বমিভাব, মাথাঘোরায়, শরীরে অস্বস্তি হচ্ছে। এই সময় ওআরএস শরীরকে ভেতর থেকে তরতাজা রাখবে। ডিহাইড্রেশন হতে দেবে না।

বাড়িতে কীভাবে বানাবেন ওআরএস (ORS)?
হাতের কাছে ওআরএসের প্যাকেট না পেলে ঘরোয়া পদ্ধতিতে ওআরএস বানাতে পারেন। একে স্যালাইন ওয়াটার বলে। কীভাবে বানাতে হবে জেনে নিন।
পরিষ্কার ফিল্টার করা জল ১ লিটার নিতে হবে। বাড়িতে ফিল্টার না থাকলে জল ফুটিয়ে নিন। দূষিত বা অপরিষ্কার জলে কিন্তু স্যালাইন ওয়াটার তৈরি করা যাবে না।
এক লিটার জলে ৬ চামচ চিনি মেশাতে হবে। (১ চামচ= ৫ গ্রাম)
প্রচণ্ড গরমে রক্তের আকাল, সঙ্কটাপন্ন প্রসূতিকে নিজের রক্ত দিয়ে বাঁচালেন ডাক্তারবাবু
নুন দিতে হবে আধ চা চামচ।
এবার ভাল করে জলের সঙ্গে নুন ও চিনি মেশাতে থাকুন। চিনি যতক্ষণ না সম্পূর্ণভাবে গলে যাচ্ছে, ততক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে যেতে হবে।
চিনি গলে মিশে গেলেই ওআরএস (ORS) তৈরি হয়ে যাবে।
এখন ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে। সেই সঙ্গে বমি, ডায়রিয়াও হচ্ছে। এমন হলে রোগীকে সঙ্গে সঙ্গে ওআরএস খাওয়াতে হবে। তাছাড়া গরমে বাইরে বেরতে হলে বা দিনভর রোদে ঘুরে কাজ করতে হলে সঙ্গে ওআরএস রাখুন। বাড়িতে তৈরি করেই ব্যাগে রেখে দিন।