.webp)
শেষ আপডেট: 24 November 2023 16:32
দ্য ওয়াল ব্যুরো: খাবার পরে এক কাপ কালো কফি দারুণ ফ্যাট-বার্নার। সকালে ওজন কমানোর জন্য বুলেট কফিও ঠিক আছে। তবে কফি যে স্নায়ু রোগের ঝুঁকিও কমাতে পারে তা গবেষণায় বের করেছেন বিজ্ঞানীরা। কফি নির্দিষ্ট পরিমাণে খেলে নাকি জটিল থেকে জটিলতর স্নায়ুর রোগের ঝুঁকি কমে যায়। ডিমেনশিয়া বা স্মৃতিনাশ, পার্কিনসন্স, অ্যালঝাইমার্সের আশঙ্কা কমে প্রায় ৬৫ শতাংশ।
টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে দেখেছেন, কফি খেলে মস্তিষ্কের কোষগুলো সতেজ থাকে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. জ্যোতিষ কুমার বলেছেন, কফিতে এমন উপাদান আছে যা ব্রেন সেল বা মস্তিষ্কের কোষগুলোকে ভাল রাখে। কফির বীজ থেকে কফি পাউডার তৈরির সময় যে ক্যাফেয়িক অ্যাসিড কার্বন কোয়ান্টাম ডটস (CACQDs) বের হয় তা মস্তিষ্ক ও স্নায়ুর জন্য খুব ভাল। এই উপাদানই যে কোনও জটিল স্নায়ুর রোগ থেকে বাঁচাতে পারে।
এখন প্রশ্ন হল কী ধরনের কফি উপকারি এবং কতটা খেতে হবে? বিজ্ঞানীরা বলছেন, ‘এসপ্রেসো মার্টিনি’ ব্রেনের জন্য ভাল। এই ধরনের কফি সাধারণত কফির বীজের মিহি গুঁড়ো এবং গরম জল দিয়ে তৈরি করা হয়। যার মধ্যে আদতে কফি বীজের ঘন নির্যাসটুকুই থাকে। এই কফিই সবচেয়ে বেশি উপকারি।
কফি এনার্জি-বুস্টার নিঃসন্দেহে, কিন্তু দিনে ঘন ঘন খেতে থাকলেই মুশকিল। হয় দেখবেন ধীরে ধীরে আপনি ক্যাফেইনের নেশায় আসক্ত হয়েছেন। তখন আর সতেজ লাগবে না, দমবন্ধ হতে থাকবে একটু একটু করে। শিরা-ধমনীর ওপরে ঘাঁটি গেড়ে বসবে ক্যাফেইন। তাই যে কফিই খান না কেন, খেতে হবে মাপ বুঝে।
কফি কীভাবে স্নায়ুর রোগের ঝুঁকি কমাবে?
কফিতে থাকে ক্য়াফেইন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। পলিফেনল এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরের জন্য় ভাল। গবেষক বলছেন ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের মতো রোগের কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস যা ব্রেনের কোষগুলিকে ক্ষতিগ্রস্থ করে। বি অ্যামাইলয়েড ও কিছু প্রোটিন এর জন্য দায়ী। কফির ক্য়াফেইন এই অক্সিডেটিভ স্ট্রেসকে প্রশমিত করে ব্রেনের কোষগুলিকে সক্রিয় রাখতে পারে। এর ক্লোরোজেনিক অ্যাসিড মস্তিষ্কের কোষগুলিকে সতেজ রাখে দীর্ঘসময়।
আমাদের স্নায়ুকোষ থেকে একধরনের রাসায়নিক বের হয় যার নাম অ্যাডেনোসিন। ক্যাফেইন এই রাসায়নিককে সাময়িক ভাবে অকার্যকর করতে পারে। ফলে নরএপিনেফ্রিন ও ডোপামিন হরমোনের প্রভাব বাড়ে। এই দুই হরমোনের প্রভাবে এনার্জিও বাড়ে।
কতটা খেতে হবে? প্রাপ্তবয়স্কদের দিনে ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন নৈব নৈব চ। কম ক্যালোরির সুষম খাবার ও পরিমিত ব্যায়ামের সঙ্গে দিনে কম করে ৩–৪ কাপ বা ৭২০–৯০০ মিলি–র মতো কফি খেলে সব দিক বজায় থাকে৷ তবে অবশ্যই দুধ, চিনি ও ক্রিম ছাড়া।