
শেষ আপডেট: 26 September 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue Virus) ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মৃত্যু বেড়েই চলেছে। বাচ্চা থেকে বয়স্ক, একের পর এক ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। করোনার মতোই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ডেঙ্গি ঠেকাতে জোরকদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য় স্বাস্থ্য দফতর। জেলায় জেলায় পাঠানো হচ্ছে বিশেষজ্ঞের টিম। কিন্তু শুধু সরকার বা প্রশাসন উদ্যোগ নিলেই হবে না, নিজেদেরও এইসময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। ডেঙ্গি ভাইরাস কীভাবে ছড়ায় সে নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। বিজ্ঞানীরা বলছেন, যৌন সংসর্গ থেকে এমনকী বুকের দুধ থেকেও ছড়াতে পারে ভাইরাস।
কীভাবে ছড়ায় ডেঙ্গি ভাইরাস (Dengue Virus)?
ডেঙ্গি হল আরএনএ ভাইরাস। স্ত্রী এডিস ইজিপ্টাই মশারা হল এই ভাইরাসের (Dengue Virus) বাহক। ডেঙ্গি ভাইরাস মশাদের শরীরে কোনও সংক্রমণ ছড়ায় না। স্ত্রী মশা পেটে এই ভাইরাস বহন করে। প্রায় ৮-১০ দিন পরে সেই ভাইরাস মশার দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ও মশার লালাগ্রন্থির মাধ্যমে লালাতেও চলে আসে। ডেঙ্গি ভাইরাস বহনকারী মশা মানুষের শরীরে কামড়ালে ভাইরাস মানুষের দেহে সংক্রামিত হয়। ভাইরাস প্রথমে লালার মাধ্যমে ত্বকের ভিতরে প্রবেশ করে। পরে শ্বেত রক্তকোষে ঢোকে। এই কোষ শরীরের সবজায়গায় চলাচল করে। তাই কিছুদিনের মধ্যেই ভাইরাস প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বৃদ্ধি পায় ও সারা শরীরে ছড়িয়ে পড়ে। যাদের ক্রনিক অসুখ, যেমন ডায়াবেটিস, অ্যাজমা, অ্যানিমিয়া, টিবি আছে তাদের এবং বয়স্কদের ক্ষেত্রে ডেঙ্গি প্রাণঘাতী হতে পারে।
ডেঙ্গি ছোঁয়াচে নয়, তবে ডেঙ্গু ভাইরাস (Dengue Virus) শরীরে ঢুকলে খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে রোগ ছড়াতে পারে। তখন জটিল অবস্থা তৈরি হবে, বিপদ বাড়বে।

যৌন সংসর্গ থেকেও ছড়াতে পারে ডেঙ্গি ভাইরাস?
যৌন সংসর্গ থেকেও সংক্রামিত হতে পারে এই রোগ, এমনটাই দাবি করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, রক্ত-সহ মানবদেহের অন্যান্য জলীয় অংশের মাধ্যমে ডেঙ্গি বা DENV ভাইরাস (Dengue Virus) সংক্রমিত হতে পারে। রক্তের মাধ্যমেও যেমন ভাইরাস ছড়াতে পারে, তেমনই দেহরসের মাধ্যমেও ভাইরাস সংক্রমিত হতে পারে। ডেঙ্গির জীবাণু সাধারণত রক্তের লিম্ফোসাইট শ্বেতকণিকাকে নষ্ট করার চেষ্টা করে। মশা কামড়ানোর পরে তিন থেকে ছ’দিন সময় লাগে ডেঙ্গির উপসর্গ প্রকাশ পেতে।
আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত আট থেকে আশি, শিশুদের সংক্রমণ থেকে বাঁচাবেন কীভাবে
বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের বীর্যের মাধ্যমে ডেঙ্গি ভাইরাস বাহিত হতে পারে। ডেঙ্গি আক্রান্তের সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে সম্ভাবনা থাকে যে ভাইরাস সঙ্গী বা সঙ্গিনীর মধ্যেও ছড়াবে। সাধারণত দেখা যায়, সমকামীদের মধ্যেই যৌন সংসর্গ থেকে ডেঙ্গি ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। পুরুষের বীর্যে জিকা ভাইরাস থেকে যায় সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত। ডেঙ্গির চরিত্রও অনেকটা জিকারই মতো। ফ্ল্যাভি ভাইরাস গ্রুপের অন্তর্ভুক্ত ডেঙ্গির জীবাণু বীর্য, ভ্যাজাইনাল সিক্রেশনের মাধ্যমে বাহিত হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
মশার কামড় ছাড়াও কী কী ভাবে ছড়াতে পারে ডেঙ্গি?
• ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ আক্রান্তের রক্ত থেকে ছড়াতে পারে।
• অস্থিমজ্জা বা বোনম্যারো প্রতিস্থাপন থেকেও সংক্রমণ ছড়ায়
• অঙ্গ প্রতিস্থাপন
• সদ্যোজাতকে স্তন্যপান
• ল্যাব অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পরীক্ষা করার সময় সিরিঞ্জ ভেঙে বা অন্য কোনও ভাবে ডেঙ্গি জীবাণুর সংস্পর্শে এলে। এইভাবে রোগীর থেকে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, মা যদি ডেঙ্গি আক্রান্ত হন তাহলে সদ্যোজাতকে স্তন্যপান না করানোই ভাল। কারণ বুকের দুধের মাধ্যমেও ভাইরাল স্ট্রেন ছড়ানোর আশঙ্কা থেকে যায়। আর যেহেতু সদ্যোজাতদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিই হয় না, তাই ভাইরাস আক্রান্ত হলে বড় বিপদের ঝুঁকি থেকে যায়। তবে সরাসরি মশার কামড় ছাড়া এইসব ভাবে ডেঙ্গি ছড়ানোর হার কম। কিন্তু ডেঙ্গি ভাইরাস যেভাবে চরিত্র বদলাচ্ছে তাতে সবদিক থেকেই সাবধান ও সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।