
শেষ আপডেট: 13 June 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো: জমিয়ে আড্ডা দিচ্ছেন। এত লোকের মাঝে দেখলেন আপনাকেই বেশি মশা (Mosquito) কামড়াচ্ছে। বাকিরা হয়ত বলবে মশা আছে কিন্তু তাদের তেমন কামড়াচ্ছে না। বাড়িতে, রাস্তাঘাটে যেখানে সেখানে মশারা ঝাঁকে ঝাঁকে এসে যদি আপনাকেই আক্রমণ করে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এমন কিছু আছে যা মশাদের বেশি আকৃষ্ট করছে। সে কারণেই মশারা আপনাকে এত 'ভালবাসে'। সেই আকর্ষণের কারণটা কী?
মশাদের (Mosquito) বিশেষ পছন্দ আছে। এরা আবার বেছে বেছেই আক্রমণ করে। একটি গবেষণাপত্রে একবার দাবি করা হয়েছিল, মানুষের শরীর থেকে এমন কিছু রাসায়নিক বেরোয় যা মশাদের বিশেষ পছন্দ। সেটা আবার সব মানুষের সমান হয় না। শুধু তাই নয়, রক্তের গ্রুপও একটা বড় ফ্যাক্টর। কার রক্ত বেশি সুস্বাদু সেটা মশারা ঠিক করে নেয়। বিশেষ কিছু গ্রুপের রক্তের প্রতিই তাদের যত আকর্ষণ। সেই গ্রুপের রক্ত যাদের আছে মশারা তাদেরই নিশানা বানায়। তবে অন্য কারণও আছে।
ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং স্টেট ইউনিভার্সিটির গবেষকরা পরীক্ষা করে দেখেছেন বিশেষ কিছু সাবান আছে, যেগুলির গন্ধ মশাদের বেশি আকর্ষণ করে। 'আইসায়েন্স' জার্নালে এই ব্যাপারে প্রতিবেদন ছাপা হয়েছে। এই গবেষণার মুখ্য বিজ্ঞানী ক্লিমেন্ট ভিনাগর বলেছেন, সাবান মাখলে তার গন্ধ মানুষের শরীরের সহজাত গন্ধকে কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেয়। ৬০ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে কিছু সাবানের উগ্র গন্ধ মশাদের বেশি আকর্ষণ করে। সেই সাবানের গন্ধ যতক্ষণ গায়ে লেগে থাকবে, ততক্ষণ মশারা জ্বালাতন করবে। যে ওই সাবান মেখেছে, তার কাছেই ঘুরেফিরে যাবে।
গবেষণায় দেখা গেছে যে ফলের গন্ধযুক্ত বা লেবু-গন্ধযুক্ত সাবান মশাকে বেশি আকর্ষণ করে। কারণ ফুলের সুগন্ধ থাকলে মশার পক্ষে মানুষ ও উদ্ভিদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। উদ্ভিদ ভেবে মানুষের দিকে আকৃষ্ট হয় মশারা। গরমকাল এলে ঘামের গন্ধ দূর করতে বেশি করে ফুলের বা লেবুর গন্ধযুক্ত সাবানই ব্যবহার করেন লোকজন। তাই এই সময় মশার কামড়ও বেশি খেতে হয়। গবেষণাও এও দেখা গেছে, নারকেলের গন্ধ একেবারেই পছন্দ নয় মশাদের। ভ্যানিলার গন্ধেও দূরে পালায় তারা। তাই আপনার সাবানে যদি নারকেলের বা ভ্যানিলার গন্ধ থাকে, তাহলে মশারা আপনাকে মোটেও পছন্দ করবে না।
মশা কামড়াবার আরও কারণও আছে। শরীরের তাপমাত্রা বাড়লে মশারা বেশি আকৃষ্ট হয়। ঘামের গন্ধ, শারীরিক নড়াচড়া বেশি হলে মশারা (Mosquito) সেদিকে ছুটে যায়। ঘামের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদির গন্ধ পায় মশারা। বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছড়ালেও মশার কামড় বেশি খেতে হবে। সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের বেশি কামড়াতে দেখা যায়। উল্লেখ্য, অন্য মহিলাদের তুলনায় গর্ভবতী মহিলারা ২১ শতাংশ বেশি কার্বন-ডাই-অক্সাইড ছাড়েন। আবার গর্ভাবস্থার প্রথম তিন মাস অধিক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করেন তাঁরা। ফলে মশারা তাঁদের প্রতি আকৃষ্ট হয়। শরীরে স্টেরয়েড বা কোলেস্টেরলের মাত্রা বেশি হলে মশারা বেশি পছন্দ করে।