
শেষ আপডেট: 14 March 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত আসতেই প্রকৃতি তার রঙের ডালি নিয়ে হাজির। অশোক, কিংশুক, পলাশে প্রকৃতির রঙিন পশমিনার বাহার গিয়েছে খুলে। বসন্তের এমন সাজের সঙ্গে সবাই চান নিজেকেও মানানসই করে রাঙিয়ে নিতে। কিন্তু ঠিক এই সময়েই রঙ (Holi Colours) মেখে ত্বকের বারোটা বাজলে ফাগুনের আনন্দটুকু মাটি হওয়ার সম্ভাবনা থাকে। এবার তাই ঘরেই বানিয়ে নিন এমন রঙ, যা দিয়ে দোলও খেলা হবে আর ত্বকও থাকবে ভাল।
ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে রঙ বানাবেন, রইল একাধিক উপায়...
হলুদ
হলুদগুঁড়োর সঙ্গে বেসন মিশিয়ে তৈরি করতে পারেন হলুদ আবির
শুধু হলুদগুঁড়ো জলে মিশিয়েও হলুদ রং মিলবে সহজে
কমলা
হলুদ জলে সামান্য চুন মিশিয়ে তৈরি করুন কমলা রং
লাল
রক্তজবা ফুল গুঁড়ো করে ময়দার সঙ্গে মেশালে পাবেন লাল আবির
জলের সঙ্গে লালচন্দন মিশিয়ে পাওয়া যায় দারুন লাল রং।
সবুজ
মেহেন্দিগুঁড়ো বা হেনা পাউডার ময়দায় মিশিয়ে তৈরি করুন সবুজ আবির
জলে এই মেহেন্দি মিশিয়ে দিলেই পাওয়া যাবে তরল সবুজ রং।
ম্যাজেন্টা
বিট ১ লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখলে পর দিনই পাবেন সুন্দর ম্যাজেন্টা রং।
স্যাফরন
পলাশ ফুল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। জলে মেশালেই উজ্জ্বল স্যাফরন রং।
কালো
লোহার পাত্রে সারা রাত আমলকী ভিজিয়ে রাখুন। সকালে উঠেই দেখবেন কালো রং তৈরি।
রঙ খেলার আগে কয়েকটা বিষয় মাথায় রাখাও জরুরি। বেরোনোর আগে মুখে-গলায়-হাতে-পায়ে পুরু করে সানস্ক্রিনের সঙ্গে ময়শ্চরাইজার মিশিয়ে মাখুন। বিশেষ করে, কানের লতি এবং পিছনের অংশে। ত্বক যত স্লিপারি হবে, আবির বা রং তত সহজে উঠে যাবে। সুতির ফুল স্লিভ পোশাক পরে রঙ খেলা ভাল। স্কিন যত ঢাকা থাকবে, তার ক্ষতি হবে তত কম।
রঙ যাতে মাথার স্ক্যাল্পে বসে না যায়, তার জন্য নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল হালকা গরম করে চুলে লাগিয়ে নিন। চুলে খুসকি থাকলে, তেলের মধ্যে আট থেকে দশ ফোঁটা লেবুর রস ফেলে মাথায় মাসাজ করুন। আর চুল খুলে নয়, চুল বেঁধে দোল খেলুন।
ক্ষার বেশি আছে এমন সাবান দিয়ে ঘষে-ঘষে মুখের রঙ তোলার চেষ্টা না করাই ভাল। মুখ থেকে রং তোলার জন্য দু’চামচ ময়দা, একচিমটে হলুদ, এক চা-চামচ মধু এবং দুধ বা দই মিশিয়ে ত্বকে ময়শ্চারাইজ করে নিন। তাতেই রঙ ধীরে ধীরে উঠে যাবে।