
শেষ আপডেট: 8 October 2023 13:19
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সূর্যের আলো ফোটার আগে ইজরায়েলকে লক্ষ্য করে হামাস রকেট হামলা চালায়। ইজরায়েলের বাসিন্দাদের ঘুম ভাঙে সেনা বাহিনীর সতর্কতা সাইরেনের শব্দে। আকাশে আলোর ঝলকানি। কান ফাটা শব্দ। সঙ্গে সঙ্গে টেলিভিশন, রেডিও এবং অন্যান্য গণমাধ্যমে হামাসের আক্রমণের কথা জানিয়ে সাধারণ মানুষকে যথাসম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস অতর্কিতে যে ধরনের আক্রমণ শানিয়েছে তাতে ইজরায়েলের অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে ক্ষিপ্র গতির রকেটের পক্ষেও আকাশসীমা লঙ্ঘন সহজ নয়। ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের বহু রকেট শূন্যে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
আসলে ইজরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হামাসের কাছে সবচেয়ে বড় বাধা। এমন প্রতিরোধ ব্যবস্থা সামরিক শত্তিতে বলীয়ান বহু দেশের নেই, মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। হামাস অতীতে একাধিকবার আকাশ প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে ব্যর্থ হওয়ায় এবার নতুন কৌশল নিয়েছিল। মিনিট কুড়ির মধ্যে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে তারা ইজরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাঙার পরিকল্পনা করেছিল। তারা ধরে নিয়েছিল, এমন অতর্কিতে হামলা ইজরায়েল প্রতিহত করতে পারবে না। হামাসের ছোড়া রকেটগুলি তেল আবিব এবং জেরুজালেমেও আছড়ে পড়তে পারত।
কীভাবে ইজরায়েল হামাসের ছোড়া রকেট শূন্যে ধ্বংস করতে সক্ষম হয়েছে? সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারের রকেট হানায় হামাস তুলনামূলকভাবে বেশি সফল। গাজা ভূখণ্ডের অধিকৃত অংশ থেকে তারা রকেট নিক্ষেপ শুরু করে।
কিন্তু যতটা সাফল্য পেতে পারত তা পায়নি তাদের অনেক রকেট শূন্যে ধ্বংস হওয়ায়। সেটাই ইজরায়েল বাহিনীর কৃতিত্ব। এবারও ইজরায়েলকে রক্ষা করেছে তাদের ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থ। এমন দক্ষ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের বহু দেশেই নেই। সামরিক শক্তিতে উন্নত দেশগুলিও এই ব্যাপারে ইজরায়েলের সহায়তা চেয়েছে।
সূত্রের খবর, আয়রন ডোম হল ভূমি থেকে আকাশে ছোড়ার একটি স্বল্পপাল্লার ক্ষেপনাস্ত্র। স্বল্পমাত্রার রকেট, ড্রোন হামলার ক্ষেত্রে এই আয়রন ডোম ব্যবহার করা হয়। ইজারায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি ভবন, জনবহুল এলাকায় আয়রন ডোম রাখা আছে। আকাশে সন্দেহজনক কিছু দেখলেই এই ক্ষেপনাস্ত্রের র্যাডার সক্রিয় হয়ে ওঠে এবং হামলা চালায়। প্রতিটিতে কুড়িটি করে ক্ষেপনাস্ত্র থাকে। গোটা ব্যবস্থাই স্বংয়ক্রিয়।
বছর তিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজার সিদ্ধান্ত নেন। তখন আয়রন ডোমকে আরও অত্যাধুনিক করা হয়েছে। সে বছরই হামাসের আক্রমণ কৃতিত্বের সঙ্গে মোকাবিলা করে তারা। হামাসের ৯০ শতাংশ রকেট ভূপাতিত করতে সক্ষম হয় আয়রন ডোম।