
হামলার পর আহতদের উদ্ধার করা হচ্ছে।
শেষ আপডেট: 21 December 2024 08:08
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের শহরে বিষাদের সুর।
জার্মানির স্থানীয় সময় সন্ধে সাতটায় ভয়াবহ গাড়ি হামলায় নিহত হয়েছেন দু'জন। গুরুতর জখম আরও ৬০ জন। তাঁদের মধ্যে ১৭ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বাড়তে পারে মৃতের সংখ্যা। ঘটনার পর ম্যাগডেবার্গ-সহ জার্মানির প্রতিটি শহরের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হচ্ছে।
শহরের মুখপাত্র মাইকেল রেইফ বলেন, ঘণ্টায় ১৩০ কিমি বেগে টাউন হলের সংশ্লিষ্ট এলাকায় ভিড়ের মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছেন অভিযুক্ত।
সৌদি আরবের এই ব্যক্তি ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন। পেশায় চিকিৎসক হয়েও ঠিক কী কারণে তিনি এই হামলা চালালেন, ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাইকেল।
তিনি এও বলেন, "হামলাকারী একাই ছিল। ফলে এই মুহূর্তে নতুন করে হামলার কোনও আশঙ্কা নেই। তবু ঝুঁকি না নিয়ে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।"
যেখানে হামলা চালানো হয়েছে সেটি ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেট হিসেবে পরিচিত। বড়দিন উপলক্ষ্যে ইতিমধ্যে আলোতে সেজে উঠেছে ৪০০ মিটার ওই এলাকা। সন্ধেয় অনেকেই সেখানে ঘুরতে বেরিয়েছিলেন। সেখানেই একটি কালো রঙের বিএমডব্লু ভাড়া করে অভিযুক্ত। এরপরই বেপরোয়া গতিতে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয় সে। যা থেকে তদন্তকারীরা মনে করছেন, পুরোটাই পরিকল্পিত, হামলা চালানোর জন্যই ওই সৌদি ডাক্তার এ কাণ্ড ঘটিয়েছেন।
সূত্রের খবর, যে গাড়িটিতে করে সৌদি আরবের ওই ডাক্তার হামলা চালিয়েছিলেন, সেই গাড়িটিতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে বোম্ব স্কোয়াডের লোকজন গাড়িটি পরীক্ষা করে দেখছেন।
এর আগে ২০১৬ সালে ক্রিসমাসের আগে এরকমই বেপরোয়া গাড়ির ধাক্কায় বার্লিনে মৃত্যু হয়েছিল ১৩ জন পথচারীর। ঘটনার জেরে বড়দিনের আগে শহরে ফিরেছে অতীতের সেই আতঙ্কের স্মৃতি।