মহাকাশ সফর সেরে আসার পর মহাকাশচারীদের যে নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় শুভাংশুরাও তাই যাবেন। অন্তত ৭ থেকে ১০ দিন রিহ্যাব করার পর বিভিন্ন পরীক্ষা করা হবে তাঁদের।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 16 July 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ১৮ দিনের সফর শেষ করে ভারতের প্রথম আইএসএস অভিযাত্রী (ISS) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) পৃথিবীতে ফিরেছেন। নাসার তরফ থেকে জানান হয়েছে, এই অভিযানে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে এখনই তাঁদের বাড়ি ফেরা হবে না। স্বাভাবিক কিছু কারণেই সকলকে থাকতে হবে রিহ্যাবিলিটেশন সেন্টারে (Rehab Centre)।
ছেলে শুভাংশুর সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা এখন তাঁকে সামনাসামনি দেখার জন্য মরিয়া। কিন্তু আপাতত যা খবর মিলছে তাতে তাঁদের কমপক্ষে ১ মাস (One Month) অপেক্ষা করতে হবে! সূত্রের খবর, শুভাংশুর নিজের দেশ, নিজের বাড়ি ফিরতে ১৭ অগস্ট হয়ে যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, রিহ্যাব ও ডি-ব্রিফিং সেশনের পরই দিল্লি আসবেন শুভাংশু। তারপর তাঁর বাড়ি ফিরতে ফিরতে আরও বেশ কয়েকদিন লাগবে।
মহাকাশ সফর সেরে আসার পর মহাকাশচারীদের যে নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় শুভাংশুরাও তাই যাবেন। অন্তত ৭ থেকে ১০ দিন রিহ্যাব করার পর বিভিন্ন পরীক্ষা করা হবে তাঁদের। মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে তাঁদের শরীর যাতে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মানসিক দিক দিয়ে সকলে ঠিক আছেন কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে বাড়ির পথে রওনা দেবেন ভারতীয় মহাকাশচারী।
শুভাংশু শুক্লা সম্প্রতি Axiom-4 মিশনের অংশ হিসেবে আইএসএস-এ যান এবং সাফল্যের সঙ্গে সেই অভিযান শেষ করে পৃথিবীতে ফেরেন। প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে মঙ্গলবার ফেরেন তিনি। এর আগে ১৯৮৪-তে রাকেশ শর্মা মাত্র ৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন। শুভাংশুই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন।
গত ১৮ দিন ধরে মহাকাশে নানা বৈজ্ঞানিক কাজ করেছেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা (মিশন কম্যান্ডার পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি, তিবোর কাপু)। শুভাংশু একাই সাতটি ভারত-কেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা করেন। এতকিছুর পর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাঁকে।