
ফাইল ছবি
শেষ আপডেট: 29 March 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার-থাইল্যান্ড (Myanmar-Thailand Earthquake)। শুক্রবার সর্বপ্রথম কেঁপে উঠেছিল মায়ানমার। তার প্রভাব গিয়ে পড়ে থাইল্যান্ডে। কম্পনের তীব্রতা মারাত্মক হওয়ায় অল্প সময়ের মধ্যেই খালি করে দেওয়া হয়েছিল ব্যাঙ্ককের প্রায় সব হাসপাতাল। সেই সময়ে অধিকাংশ রোগীকেই রাস্তায় নামিয়ে আনা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই এক মহিলা সন্তানের জন্ম (Newborn) দিলেন। সূত্রের খবর, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।
কম্পন অনুভূত হওয়ার পরই অন্যান্য হাসপাতালগুলির মতো ব্যাঙ্ককের বিএনএইচ হাসপাতাল এবং কিং চুলালংকর্ন হাসপাতাল থেকে রোগীদের বাইরে বার করে আনা হয়েছিল। একই সঙ্গে, পুলিশ হাসপাতাল থেকেও রোগীদের বাইরে বের করে আনা হয়। সেই হাসপাতালের সামনে রাস্তাতেই স্ট্রেচারে শুয়ে সন্তানের জন্ম দেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে।
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের সামনের রাস্তায় স্ট্রেচারে শুয়ে রয়েছেন বহু রোগী। কিছু রোগী আবার হুইলচেয়ারে রয়েছেন। চিকিৎসক এবং নার্সরা ওই অবস্থাতেই তাঁদের পরিষেবা দিচ্ছেন। তরুণীর সন্তান প্রসবের সময়ে তাঁকে ঘিরে রেখেছিলেন কয়েকজন।
Footage during the earthquake in #Bangkok a baby was born in the park ???? Waht a story to tell ‘’ I was born during the earthquake ‘’ #แผ่นดินไหว #earthquake #myanmarearthquake #bangkokearthquake #ตึกถล่ม pic.twitter.com/7E0FdzfPEf
— Miia ???? (@i30199) March 28, 2025
ভূমিকম্পের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছ'টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মায়ানমার। এদিকে ব্যাঙ্ককেও জরুরি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা বলেছেন, নিরাপত্তার জন্য ব্যাঙ্ককের 'প্রতিটি ভবন' পরিদর্শন করা হবে।
এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে 'অপারেশন ব্রহ্ম' (Operation Brahma)। ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধারকাজে সাহায্য করতে ভারতের জাতীয় মোকাবিলা বাহিনীর ৮০ জন সদস্যকে পাঠানো হয়েছে মায়ানমারে।