
ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সরাসরি প্রতারণা করেছে।
শেষ আপডেট: 19 March 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলিতে একমাসের মধ্যে হামলা না চালানোর আলোচনার কিছুক্ষণের মধ্যেই রাশিয়া সেদেশের বসত এলাকায় বোমারু হানাদারি চালিয়েছে বলে বুধবার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সরাসরি প্রতারণা করেছে। একদিকে যখন শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় ব্যস্ত, ঠিক তারপরেই ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে হানাদারি চালায় রাশিয়া, জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া মুখে মুখে রাজি হলেও কার্যত মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জেলেনস্কি জানান, রাশিয়া কেবলমাত্র ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলিতে আক্রমণ না করার প্রস্তাবে রাজি হয়েছে। তাই আলোচনার শেষেই ওরা সাধারণ মানুষের বসত এলাকায় একের পর এক বোমা নিক্ষেপ করতে শুরু করে। মঙ্গলবার পুতিন-ট্রাম্প দেড় ঘণ্টা ধরে ফোনে আলোচনার শেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে রুশ প্রেসিডেন্ট কেবলমাত্র পরমাণু কেন্দ্রে হামলা না চালানোর শর্ত মঞ্জুর করেছেন। ইউক্রেন থেকে পশ্চিমী ও মার্কিন বাহিনী তুলে নেওয়া ও রাশিয়ার ভূখণ্ড ছেড়ে দেওয়া. ন্যাটো বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ এবং গোয়েন্দা সাহায্য বন্ধ করার দাবিতে অনড় থেকে গিয়েছেন। সে নিয়ে ট্রাম্প ভাবনাচিন্তা করার অবকাশ চেয়েছেন।
ট্রাম্প-পুতিনের এই আলোচনার পরেই ইউক্রেনে বোমারু হানাদারি বিমান হামলার সাইরেন বেজে ওঠে। জেলেনস্কি পরে জানান, রাশিয়া সাধারণ বসত এলাকায় আক্রমণ চালিয়েছে। সুমির একটি হাসপাতালেও বোমা এসে পড়েছে। জেলেনস্কির অভিযোগ, পুতিন পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছেন, এই ঘটনাই তার প্রমাণ। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কথা শুনে জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওল্ফ স্খোলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বার্লিনে এক প্রেস কনফারেন্সে বলেন, সাময়িক হলেও যুদ্ধবিরতি খুবই ভাল পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত পূর্ণ শান্তিচুক্তি।