
শেষ আপডেট: 29 November 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: পোষা কুকুরের জন্য জলাতঙ্কের টিকা কিনে এনেছিলেন যুবক। তখনও জানতেন না, সেই টিকাগুলির কী পরিণতি হতে চলেছে, আর তাঁরই বা কী অবস্থা হতে চলেছে। দোষের মধ্যে, প্রেমিকা থাকতেও অন্য মেয়েদের দিকে তাকানোর অভ্যেস ছিল তাঁর। সেই রাগেই কুকুরের ইনজেকশন নিয়ে সটান তাঁর চোখে গেঁথে দিলেন প্রেমিকা!
ঘটনাটি মার্কিন যুক্তরষ্ট্রের ফ্লোরিডার। ওই যুগল গত ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন। অভিযুক্ত মহিলার নাম স্যান্ড্রা জিমেনেজ। ৪৪ বছর বয়সি স্যান্ড্রার সঙ্গে তাঁর প্রেমিকের মাঝেমাঝেই ঝামেলা লেগে থাকত। কারণ প্রেমিকের নাকি একটু অন্য মহিলাদের দিকে তাকানোর অভ্যেস ছিল। তাতেই রাগ স্যান্ড্রার। তিনি তো আছেনই, তাহলে আবার এদিক ওদিক তাকানো কীসের!
শনিবারও সেই নিয়ে ঝামেলা বেঁধেছিল। কথা কাটাকাটির মাঝেই বিরক্ত হয়ে সোফার উপর শুয়ে পড়েছিলেন প্রেমিক। ঠিক তখনই স্যান্ড্রা টিকার সুচগুলি নিয়ে তেড়ে আসেন তার দিকে। প্রচণ্ড জোরে তাঁর ডান চোখে একটি সুচ বিঁধিয়ে দেন তিনি। অন্য চোখে আরও একটি সুচ বেঁধানোর আগেই অবশ্য প্রেমিক তাঁকে ধরে ফেলেন। এরপর সেখান থেকে পালিয়ে যান স্যান্ড্রা।
রক্তাক্ত অবস্থাতেই ৯১১ ডায়াল করে পুলিশে খবর দেন আহত ভদ্রলোক। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর স্যান্ড্রার খোঁজ করতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরেই একটি গাড়ির ভিতর নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করেননি তিনি। জানিয়েছেন, তাঁর প্রেমিক নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করেছেন