
শেষ আপডেট: 23 October 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিব। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন।
দ্বিপাক্ষিক বৈঠকে দু দেশের মধ্যে প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায় সেই আলোচনার পাশাপাশি ইজরায়েল-হামাসের সংঘর্ষ কীভাবে থামানো যায় তা নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, নভেম্বরের শুরুতেই হতে পারে এই বৈঠক।
এই মুহূর্তে মার্কিন যুদ্ধাস্ত্রের অন্যতম ক্রেতা ভারত। সম্প্রতি ৩০০ কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে ‘প্রিডেটর ড্রোন’ ও আনুসাঙ্গিক প্রতিরক্ষা সিস্টেম কিনছে ভারত। স্বভাবতই, দু দেশের মধ্যে সমরাস্ত্র কেনাবেচা নিয়ে অর্থাৎ প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে।
সূত্রের খবর, বৈঠকে আলোচনা হতে পারে অরুনাচল প্রদেশে চীন সীমান্তে লালফৌজের অতি সক্রিয়তা নিয়ে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও দু’দেশের মধ্যে আলোচনা হতে পারে।
এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের মাথাব্যথার অন্যতম কারণ, ইজরায়েল-হামাস বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে ইজরায়েল সফরে গিয়েছেন মার্কিন বিদেশসচিব। কীভাবে সংঘর্ষ থামানো যায়, এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা চায় আমেরিকা। সেকারণেও এই বিদেশ সফর বলে জানা গিয়েছে।