
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 December 2024 10:52
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নতুন দলে অনেক ভারতীয়কেই গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন। এর মধ্যে একটি নাম কাশ প্যাটেলের (Kash Patel)। তাঁকে একটি বড় দায়িত্ব দিয়ে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর পরিচালক পদে তার নাম নির্বাচন করলেন ট্রাম্প। এর আগে সিআইএ প্রধান হওয়ার দৌড়ে তার নাম এগিয়ে ছিল। কিন্তু পরবর্তীতে জন ব়্যাটক্লিফ এই পদের জন্য নির্বাচিত হন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, 'আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে কাশ্যপ ‘কাশ’ এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন।'
কাশ প্যাটেল। পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। আমেরিকার প্রশাসনিক মহলে 'কাশ' নামেই খ্যাত। দীর্ঘদিন হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে কাজ করেছেন। হোয়াইট হাউসেও এই প্রজন নয়। এর আগে ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন।
২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ। এই ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে আমাদের দেশের। কাশের বাবা উগান্ডার ও মা তানজানিয়ার। তাঁর জন্ম নিউইয়র্কেই। কিন্তু তাঁর পরিবারের সঙ্গে যোগ রয়েছে গুজরাতের। ১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় যায় পরিবার। তারপর থেকে নিউইয়র্কেরই বাসিন্দা তাঁরা।
কাশ প্যাটেলের পড়াশোনাও নিউইয়র্কেই। পরে ফ্লোরিডা যান। সেখানে চাকরি জীবন শুরু করেন স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে। পরে আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। তারপর ফেরেন ওয়াশিংটনে। সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে টেররিসম প্রসিকিউটর হিসেবে কাজ করেন।