নিউ ইয়ার্স ইভে আমেরিকায় বড়সড় নাশকতার ছক বানচাল করল এফবিআই।
আইসিসের অনুপ্রেরণায় হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১৮ বছরের যুবক।

কাশ প্যাটেল ও অভিযুক্ত
শেষ আপডেট: 3 January 2026 00:08
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়ার্স ইভে বড়সড় নাশকতার ছক কষেছিল এক কিশোর। শেষমেশ শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে দিলেন মার্কিন গোয়েন্দারা। আমেরিকার উত্তর ক্যারোলিনায় (North Carolina) আইএসআইএস (ISIS) অনুপ্রাণিত হামলার ছক বানচাল করল এফবিআই (FBI)। গ্রেফতার করা হয়েছে ১৮ বছরের ক্রিশ্চিয়ান স্টারডিভ্যান্ট (Christian Sturdivant)-কে। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
নতুন বছরের রাতে হামলার পরিকল্পনা ছিল। তবে তার আগেই দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়েছে। ফলে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তদন্তকারীরা।
এফবিআই জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই তাদের নজরে ছিল স্টারডিভ্যান্ট। তখন সে নাবালক। তদন্তকারীদের দাবি, ওই কিশোরের যোগাযোগ ছিল বিদেশে থাকা আইসিসের এক সদস্যের সঙ্গে। সেখান থেকেই সে হামলার নির্দেশ পায়। কীভাবে হামলা চালাতে হবে, কী পোশাক পরতে হবে, সবই না কি জানানো হয়েছিল এফবিআইয়ের বক্তব্য অনুযায়ী, তাকে কালো পোশাক পরে হাতুড়ি নিয়ে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এক অনলাইন বিবৃতিতে এফবিআই জানায়, “নর্থ ক্যারোলিনায় নিউ ইয়ার্স ইভে সম্ভাব্য এক জঙ্গি হামলা আমরা এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সহযোগীরা রুখে দিতে পেরেছি। অভিযুক্ত সরাসরি আইসিসের প্ররোচনায় কাজ করছিল।”
এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল (Kash Patel) বলেন, “আমাদের সহযোগী সংস্থাগুলিকে ধন্যবাদ। নিঃসন্দেহে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।”
ফেডারেল প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। অনলাইনে সে কয়েকজনের সঙ্গে নিজের উদ্দেশ্যের কথা ভাগ করে নেয়। পরে জানা যায়, যাদের সঙ্গে সে কথা বলছিল, তারা আসলে ছদ্মবেশী আইনরক্ষী।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রাস ফার্গুসন (Russ Ferguson) জানান, প্রায় এক বছর ধরে হামলার প্রস্তুতি চলছিল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ও জিহাদের প্রস্তুতি নিচ্ছিল। নিরীহ মানুষের মৃত্যু নিশ্চিত ছিল।”
আদালতের নথি অনুযায়ী, স্টারডিভ্যান্ট নিজেকে ‘স্টেটের সৈনিক’ বলে দাবি করে এবং নিউ ইয়ার্স ইভেই হামলা চালানোর পরিকল্পনা করে। ২৯ ডিসেম্বর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি নোটের শিরোনাম ছিল ‘New Year’s Attack 2026’। সেখানে ভেস্ট, মাস্ক, ছুরি-সহ একাধিক জিনিসের তালিকা ছিল।
নোটে আরও লেখা ছিল, একাধিক মানুষকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে মারা যাওয়ার পরিকল্পনাও। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ভেবেছিল সে আইএসআইএস সদস্যদের সঙ্গেই কথা বলছে, কিন্তু আসলে সে ফাঁদে পা দিয়েছিল।
এই ঘটনায় বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার চেষ্টা করার অভিযোগে মামলা রুজু হয়েছে। চার্লটের আদালতে প্রথমবার পেশ করা হয়েছে অভিযুক্তকে। আপাতত ফেডারাল হেফাজতেই রয়েছে সে।