
আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনও খবর মেলেনি।
শেষ আপডেট: 21 December 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের সঙ্গে চলতি যুদ্ধের মধ্যেই রাশিয়ার কাজান (Kazan) শহরে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। এই শহরটি রুশ রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে। সম্প্রতি, এই শহরে ব্রিকস দেশগুলির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন। কাজান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের (Ukraine) ড্রোন হামলার পর বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনটি আবাসিক বহুতলে ৯/১১ ধাঁচে ইউক্রেনের ৮টি ড্রোন হামলায় আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনও খবর মেলেনি।
রুশ জাতীয় সংবাদমাধ্যম তাস জানাচ্ছে, মস্কো থেকে মাত্র ৮০০ কিলোমিটার দূরত্বে কাজান শহরের বহুতলগুলিতে এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রুশ সেনাবাহিনী। খালি করে দেওয়া হয় বহুতলগুলি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থাগুলো জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৫০০ মাইল (৮০০ কিলোমিটার) পূর্বে অবস্থিত শহর কাজানে ড্রোন হামলা অন্তত ছয়টি (মতান্তরে তিনটি) আবাসিক কমপ্লেক্সে আঘাত হেনেছে। তাস বলেছে যে আটটি ড্রোন হামলা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়টি আবাসিক বহুতলে হয়েছিল।
কমল্যায়েভা অ্যাভিনিউ (দুটি ড্রোন), ক্লারা সেটকিন স্ট্রিট, ইউটাজিনস্কায়া স্ট্রিট, খাদি তাকতাশ স্ট্রিট, ক্রাসনায়া পসিটসিয়া এবং ওরেনবার্গস্কি ট্র্যাক্টের একটি বিল্ডিং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে 9/11-র ধাঁচে এই হামলা চালানো হয়েছে। একটি টেলিগ্রাম চ্যানেল ভিডিও ফুটেজ শেয়ার করেছে। ভিডিওতে একটি উড়ন্ত বস্তুকে একটি উঁচু ভবনে আঘাত করতে দেখা যায়, যার কারণে আগুনের গোলাকৃতি হলকা আকাশে উড়তে দেখা যায়। বলা হচ্ছে, কাজানের উত্তর-পূর্বের ছোট্ট শহর ইজেভস্কের বিমানবন্দরেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।