সোমবার তিনি জানিয়ে দেন, রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য দেওয়া ৫০ দিনের সময়সীমা তিনি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছেন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 28 July 2025 21:21
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন যুদ্ধ (Ukraine War) নিয়ে অবশেষে কড়া সুরে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তিনি জানিয়ে দেন, রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য দেওয়া ৫০ দিনের সময়সীমা তিনি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছেন। নতুন করে রাশিয়াকে (Russia) ১০ থেকে ১২ দিনের চূড়ান্ত ডেডলাইন দিলেন ট্রাম্প। এই সময়ের মধ্যে মস্কো কোনও চুক্তিতে পৌঁছতে না পারলে, কড়া সেকেন্ডারি স্যাংশনের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
স্কটল্যান্ডে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমি আজ থেকে ১০ বা ১২ দিনের নতুন ডেডলাইন দিচ্ছি। আর অপেক্ষা করার কোনও মানে নেই... আমি উদার হতে চাই, কিন্তু কোনও অগ্রগতি তো চোখে পড়ছে না।”
এছাড়াও, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাশিয়া কোনও চুক্তিতে রাজি না হলে, আগামী কয়েক দিনের মধ্যেই সেকেন্ডারি স্যাংশন কার্যকর করা হবে। এই স্যাংশনের জেরে রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাওয়া একাধিক দেশ— যেমন ভারত ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানানো হয়েছে।
ট্রাম্প আরও জানান, “আমরা হয় একটা চুক্তি করব, নয়তো নিষেধাজ্ঞা জারি হবে।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, এখন আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনও আগ্রহ তাঁর নেই।
এই ঘোরতর বার্তার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উত্তেজনা চরমে। ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বড় মোড় আসতে পারে বলে মনে করছে ওয়াশিংটন ও মস্কো ঘনিষ্ঠ সূত্রগুলি।