সরকারি সূত্র জানিয়েছে, RIC ফর্ম্যাটে এখনও পর্যন্ত কোনও বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি, এবং সেই নিয়ে তিন দেশের মধ্যে কোনও আলোচনা চলছে বলেও জানা যায়নি।

শেষ আপডেট: 18 July 2025 07:42
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ভারত-চিন (RIC) ফ্রেমওয়ার্ক ফের চালু করার বিষয়ে ভারত এখনও কোনও প্রতিশ্রুতি দিল না। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ত্রিপাক্ষিক ‘মেকানিজম’ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিতে হবে তিনটি দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী।
প্রসঙ্গত, চিনের বিদেশ মন্ত্রক জানায় যে, রাশিয়ার উদ্যোগে RIC-কে পুনরুজ্জীবিত করতে বেজিং পূর্ণ সমর্থন জানাচ্ছে। তাদের মতে, এই ফ্রেমওয়ার্ক শুধুমাত্র ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষা করে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাও বজায় রাখে।
সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "এই পরামর্শমূলক কাঠামোটি এমন একটি মঞ্চ যেখানে তিনটি দেশ বৈশ্বিক এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।" তিনি আরও বলেন, "এই বৈঠক ঠিক কবে হবে, তা এখনও স্থির হয়নি। সেটা তিনটি দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী ঠিক করতে হবে।"
সরকারি সূত্র জানিয়েছে, RIC ফর্ম্যাটে এখনও পর্যন্ত কোনও বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি, এবং সেই নিয়ে তিন দেশের মধ্যে কোনও আলোচনা চলছে বলেও জানা যায়নি।
অন্যদিকে, রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমরা চাই RIC ফর্ম্যাট আবার সক্রিয় হোক। আমরা এই বিষয়টি নিয়ে ভারত এবং চিন—উভয়ের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছি। এই তিনটি দেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা BRICS-এর প্রতিষ্ঠাতাও।"
বেজিংয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, "চিন-রাশিয়া-ভারত সহযোগিতা তিন দেশের স্বার্থ রক্ষা করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও অগ্রগতির পক্ষে কাজ করে। চিন এই ত্রিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ভারত ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবে।"
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ গত বছর জানিয়েছিলেন, RIC ফর্ম্যাটে কাজ থেমে গিয়েছিল প্রথমে কোভিড অতিমারির কারণে, পরে থমকে যায় লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা উত্তেজনার জেরে।
প্রসঙ্গত, RIC ফ্রেমওয়ার্কের অধীনে তিন দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে সময়ের দাবি অনুযায়ী বৈঠক হত, যেখানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা চলত।