ট্রাম্প দাবি করেন, ভারতের রাশিয়ান তেল কেনার কারণে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। আমেরিকার মতে, ইউক্রেন যুদ্ধের সময় এই তেল বিক্রি করেই রাশিয়ার অর্থনীতি বেশ শক্তিশালী হয়ে উঠেছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 January 2026 14:40
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক নতুন নয়। ট্রাম্পের (Donald Trump) দু'দফার শাসনকালে তা যেন আরও বেশি চোখে পড়েছে। কিন্তু গত কয়েকমাসে সেই সমীকরণ কি কিছুটা বদলাল? অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কথায় সেটাই মনে করছেন কূটনীতিক মহলের একাংশ। ট্রাম্প জানিয়েছেন, 'নরেন্দ্র মোদী (Narendra Modi) আমাকে নিয়ে খুশি নন।' এর কারণ ব্যখ্যা করে তিনি বলেন, "ভারতকে যে পরিমাণ শুল্ক দিতে হচ্ছে, আমার সেই সিদ্ধান্ত নিয়েই ভারতের প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়েছেন।"
মঙ্গলবার একটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) সম্পর্ক খুবই ভালো। কিন্তু তিনি আমার ওপর একটু রেগে আছেন, কারণ ভারতকে এখন অনেক বেশি শুল্ক দিতে হচ্ছে।”
ট্রাম্প দাবি করেন, ভারতের রাশিয়ান তেল (Russian Oil) কেনার কারণে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। আমেরিকার মতে, ইউক্রেন যুদ্ধের সময় এই তেল বিক্রি করেই রাশিয়ার অর্থনীতি বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তাই ভারতকে বারবার সতর্ক করেছে ওয়াশিংটন। তিনি আরও হুঁশিয়ারি দেন, ভারত যদি রাশিয়ান তেল কেনা কমানোর বিষয়ে সহযোগিতা না করে, তবে শুল্ক আরও বাড়াতে পারে আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Trump on Modi) প্রসঙ্গে বলেন, “তারা মূলত আমাকে খুশি করতে চেয়েছিল। মোদী খুব ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন।” পাশাপাশি তিনি এও দাবি করেন যে আমেরিকা শুল্কনীতির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
এদিকে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও সতর্কবার্তা নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কের টানাপড়েন ফের সামনে এসেছে। ট্রাম্প আগেও বলেছেন, ভারত বড় অঙ্কের ডিসকাউন্টে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে মস্কোকে সহায়তা করছে, আর এই কারণেই ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। শুল্ককে চাপ হিসেবে ব্যবহার করে ভারতকে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করার চেষ্টা করছেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
একই সঙ্গে ট্রাম্প নিজেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছেন। তাঁর দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর কথা হয়েছে। যদিও এই বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।
তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের (India rejects Trump's Claim) কিছু দাবিকে সোজাসুজি অস্বীকার করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, কোনও পর্যায়েই প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে বলেননি যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বা এমন কোনও আশ্বাসও দেওয়া হয়নি।