চাঁদের হাটেও লক্ষ্য করা গেল, অতিথি তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি। দেখা গেল না ইলন মাস্ককে। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হলেও চলতি বছরে তাঁদের প্রকাশ্য বিচ্ছেদ ঘটে।

টেক সিইও-দের সঙ্গে নৈশভোজে ট্রাম্প
শেষ আপডেট: 5 September 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে টেক দুনিয়ার (White house dinner with Tech CEOs) শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে এক বিশেষ নৈশভোজের (special dinner) আয়োজন করেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অতিথি তালিকায় ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates), অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook), মেটা প্রধান মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)-সহ এক ডজনেরও বেশি শীর্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) ও টেক সংস্থার সিইও।
লম্বা টেবিলের মাঝখানে ট্রাম্পকে বসতে দেখা যায়, তাঁর দুই পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেটা সিইও জাকারবার্গ। বিকেলে মেলানিয়া হোয়াইট হাউসের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এডুকেশন টাস্ক ফোর্সের বৈঠক পরিচালনা করেন, যেখানে কিছু টেক নেতা অংশ নেন।
চাঁদের হাটেও লক্ষ্য করা গেল, অতিথি তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি (Elon Musk absent in White House tech ceo dinner)। দেখা গেল না ইলন মাস্ককে। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হলেও চলতি বছরে তাঁদের প্রকাশ্য বিচ্ছেদ ঘটে। ট্রাম্প তাঁকে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’র দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সম্পর্ক ভাঙনের পর থেকেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ে।
মূলত রোজ গার্ডেনে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৃষ্টি নামায় শেষমেশ তা স্থানান্তরিত হয় স্টেট ডাইনিং রুমে।
অতিথিদের মধ্যে আরও ছিলেন গুগলের সুন্দর পিচাই, আইবিএম চেয়ারম্যান অরবিন্দ কৃষ্ণ, কোড.অর্গ-এর প্রেসিডেন্ট ক্যামেরন উইলসন, গুগল প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান, ওরাকল সিইও সাফরা ক্যাটজ, ব্লু অরিজিন প্রধান ডেভিড লিম্প, মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা, টিবকো চেয়ারম্যান বিবেক রণদিভে, প্যালান্টিরের শ্যাম শংকর, স্কেল এআই সিইও আলেক্সান্দর ওয়াং এবং শিফট৪ পেমেন্টস প্রধান জ্যারেড আইজ্যাকম্যান।
আইজ্যাকম্যান একসময় মাস্কের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ট্রাম্প তাঁকে নাসার প্রধান করতে মনোনীত করলেও, মাস্কের সঙ্গে সম্পর্ক ভাঙার সময় তা বাতিল করেন। পরে ট্রাম্প দাবি করেন, এই ঘটনাই মাস্ককে বিরক্ত করেছে।
রিপাবলিকানদের ভেতরে বিভাজন?
এই বৈঠক ট্রাম্পের দলের মধ্যেই মতবিভাজন তৈরি করতে পারে। রিপাবলিকান সেনেটর জশ হাওলে ওইদিনই এক বক্তৃতায় এআই ইন্ডাস্ট্রির কড়া সমালোচনা করেন। তিনি মেটা ও চ্যাটজিপিটির মতো টেক জায়ান্টদের নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি জানান।
অন্যদিকে, ট্রাম্প নিজে নিয়মিত এআই-নির্মিত ছবি ও ভিডিও ব্যবহার করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যদিও গত সপ্তাহেই তিনি অভিযোগ করেছিলেন যে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি হচ্ছে। মঙ্গলবার একটি ভিডিও নিয়ে তিনি মন্তব্য করেন, “যদি সত্যিই কোনও বড় বিপদ ঘটে, হয়তো আমাকে দোষটা এআই-এর ঘাড়েই চাপাতে হবে।”
মেলানিয়ার সতর্কবার্তা
টাস্ক ফোর্স বৈঠকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এআই-এর সম্ভাবনা ও ঝুঁকি - দুই দিকই তুলে ধরেন। তিনি বলেন, “এই প্রাথমিক পর্যায়ে আমাদের দায়িত্ব এআই-কে নিজের সন্তানের মতো সামলানো - শক্তি দেওয়া, কিন্তু সতর্ক দৃষ্টিতে।”
সম্প্রতি মেলানিয়া সারা দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এআই ব্যবহার করে কমিউনিটি প্রকল্প তৈরি করার প্রতিযোগিতা শুরু করেছেন। তবে একইসঙ্গে তিনি এআই-এর অপব্যবহার, বিশেষত অনলাইনে ডিপফেক ও যৌন শোষণের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি তুলেছেন।