মেক্সিকোর মাদক শাহেনশায়ের মৃত্যুর পর ঠাট্টার ছলে অদমিত দর্প প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
_0.jpeg.webp)
মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার কায়দায় মেক্সিকোকে কবজা করার নেশায় মেতে উঠেছেন ট্রাম্প। ছবি এআই দিয়ে তৈরি।
শেষ আপডেট: 23 February 2026 10:42
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই জিতছি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না! এটা মোটেই উচিত নয়। মেক্সিকোর মাদক শাহেনশায়ের মৃত্যুর পর ঠাট্টার ছলে অদমিত দর্প প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর গৃহযুদ্ধের আমল থেকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডাযুদ্ধ লেগে রয়েছে আমেরিকার। সোভিয়েত প্রভাব মুক্ত হওয়ার পর থেকে লাতিন আমেরিকার এই দেশ চক্ষুশূল হয়ে ছিল ওয়াশিংটনের। এবার মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার কায়দায় মেক্সিকোকে কবজা করার নেশায় মেতে উঠেছেন ট্রাম্প।
আর তাই মেক্সিকোর সেনা অভিযানে দেশের অন্যতম শক্তিশালী মাদক সম্রাট নিহত হওয়ার পর রহস্যময় বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সোশ্যাল মিডিয়া Truth Social-এ তিনি লেখেন, “আমরা এত বেশি জিতছি, এটা যেন উচিত নয়।” সংক্ষিপ্ত এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে তাই জোর জল্পনা শুরু হয়েছে।
মেক্সিকোর সেনাবাহিনীর অভিযানে নিহত হন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত। বহু বছর ধরে তিনি মেক্সিকোর প্রভাবশালী জালিস্কো নতুন প্রজন্ম কার্টেলের শীর্ষ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম ছিল শীর্ষে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট (Karoline Leavitt) জানান, অভিযানে মেক্সিকোকে গোয়েন্দা সহায়তা দিয়েছে আমেরিকা। তাঁর কথায়, মেনচো ছিলেন দুই দেশেরই অগ্রাধিকারভুক্ত লক্ষ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মারণ নেশাদ্রব্য পাচারের অভিযোগে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মাদক কার্টেল সংক্রান্ত তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের সেনা নেতৃত্বাধীন একটি নতুন টাস্কফোর্স এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে পরিস্থিতির অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে মেক্সিকোয় অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India in Mexico)। জালিস্কো প্রদেশের পুয়ের্তো ভালিয়ার্তা, চাপালা ও গুয়াদালাহারা, তামাউলিপাস প্রদেশের রেনোসা-সহ একাধিক এলাকা, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিয়োন প্রদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ‘এল মেনচো’র মৃত্যু মাদক সাম্রাজ্যে বড় ধাক্কা হলেও এর জেরে প্রতিশোধমূলক হিংসাত্মক কাজ ও গোষ্ঠীগত ক্ষমতার লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে সীমান্তের দুই পাশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।