মেক্সিকোর সবচেয়ে ওয়ান্টেড মাদক সম্রাট ‘এল মেনচো’ সেনা অভিযানে নিহত। জালিস্কোর টাপালপায় গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যু হয় কুখ্যাত CJNG কার্টেল প্রধানের। তাঁর মৃত্যুতে মেক্সিকো জুড়ে ছড়ায় উত্তেজনা ও সহিংসতা।

নিহত এল মেনচো
শেষ আপডেট: 23 February 2026 09:59
দ্য ওয়াল ব্যুরো: সেনা অভিযানে নিহত মেক্সিকোর 'মোস্ট ওয়ান্টেড' (Mexico's most wanted man) এবং কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মেনচো। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ করছিল আমেরিকা। ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
সেনা সূত্রে খবর, গুয়াদালাহারা (Guadalajara) থেকে দু’ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে তাপালপা (Tapalpa) শহরে ওসেগেরা সেরভান্তেসকে ধরতে বিশেষ অভিযান চালায় বাহিনী। সংঘর্ষের মাঝে তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য এয়ারলিফটে মেক্সিকো সিটিতে (Mexico City) নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
মেক্সিকোতে ত্রাস ‘এল মেনচো’
এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (CJNG- Jalisco New Generation Cartel) প্রধান, এটি মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক চক্রগুলোর একটি। এই কার্টেল আমেরিকায় বিপুল পরিমাণ ফেন্টানিল এবং অন্যান্য মাদক পাচার করে।
তাঁর মৃত্যুর পর গুয়াদালাহারা এবং আশপাশের এলাকা কার্যত অচল হয়ে পড়ে। কার্টেলের সদস্যরা গাড়ি পুড়িয়ে রাস্তা বন্ধ করে দেয়, প্রায় ডজনখানেক রাজ্যে আতঙ্ক ছড়ায়। স্কুল পর্যন্ত বন্ধ করে দিতে হয়।
কীভাবে 'হিংস্র' হয়ে উঠল এল মিনচো
১৯৬৬ সালে মিচোয়াকান রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিল নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। ছোটবেলায় অ্যাভোকাডোর চাষ করতেন। পরে আমেরিকায় গিয়ে হেরোইন পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। সেখানে গ্রেফতার হন, জেল খাটার পর ফেরত পাঠানো হয় মেক্সিকোতে।
দেশে ফিরে প্রথমে পুলিশে চাকরি, তারপর মাদকের জগতে প্রবেশ করেন এল মেনচো। মিলেনিও কার্টেলের সুপারি কিলার থেকে ধীরে ধীরে নিজের কার্টেল CJNG গড়ে তোলেন। 'El Mencho' নামটি তাঁর নিজের নাম Nemesio-র পরিবর্তিত রূপ। মোরগ লড়াইয়ের শখও ছিল তাঁর, তাই 'লর্ড অফ রুস্টারস' নামেও পরিচিত ছিলেন।
এল মেনচো তাঁর হিংস্রতার জন্য কুখ্যাত। প্রতিপক্ষকে খুন, শিরচ্ছেদ- এসবই ছিল তাঁর দলের ভয় কৌশল। ২০১৫ সালে এল মিনচোকে ধরতে গেলে তাঁর গুন্ডারা সেনার হেলিকপ্টার গুলি করে নামায়। বহু রাজনীতিবিদ ও পুলিশ কর্মকর্তাকে ঘুষ দিয়ে নিজের সাম্রাজ্য-শক্তি মজবুত করেছিলেন।
করোনা মহামারির সময়ে CJNG-র নামে খাদ্যসামগ্রী বিতরণ করে সাধারণ মানুষের মনে জায়গা করে নেয়। অনেক অঞ্চলে মানুষ সরকারি সাহায্যের চেয়ে তাঁর দেওয়া সাহায্যকে বেশি ভরসা করতেন।
বহু বছর ধরে মেক্সিকো ও মার্কিন গোয়েন্দারা তাঁকে ধরতে চেষ্টা করছিল। এল চ্যাপোর পর তাঁর উপরেই ছিল সবচেয়ে ‘বড় পুরস্কার’। কিন্তু গোপন আস্তানা বদলে, সুরক্ষিত এলাকায় লুকিয়ে এবং রাজনীতির হাত ধরে তিনি নিজেকে বাঁচাতে সফল হতেন। অবশেষে ২০২৬ সালের এই অভিযানেই সেনাবাহিনী তাঁকে কোণঠাসা করে ফেলে।
এল মেনচোর মৃত্যু মেক্সিকোর মাদকচক্রের ওপর বড় ধাক্কা। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কার্টেল এতটাই শক্তিশালী যে শীঘ্রই এক নতুন নেতার সামনে আসতে বেশি সময় লাগবে না।