দীর্ঘ টানাপোড়েনের পর আলোচনার টেবিলে ফিরছে আমেরিকা ও চিন। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’-এ মুখোমুখি বসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং
শেষ আপডেট: 24 October 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: চিন কি চাপের মুখে নতি স্বীকার করল? নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাধান চাইলেন? দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও শুল্কের হুঁশিয়ারির মধ্যেই অবশেষে সামনে এল সেই দিনক্ষণ। জানা গেল, আগামী সপ্তাহেই মুখোমুখি বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চিনের পণ্যের উপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই শুল্কের প্রকোপ এড়াতে আগামী ১ নভেম্বরের মধ্যে বৈঠকে বসার শর্ত দিয়েছিলেন। পাল্টা চিনও "ভুল শুধরে" আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিল, অন্যথায় তারা "যা করার করবে" বলেও হুঁশিয়ারি দিয়েছিল। অবশেষে দুই বিশ্বশক্তির রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হতে চলেছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী কাল (শুক্রবার) থেকে মালয়েশিয়ার উদ্দেশে এশিয়া সফর শুরু করবেন।
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই সফরকালেই আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনের 'এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট' অনুষ্ঠিত হবে। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হবে।
গত ২৩ অক্টোবর ট্রাম্প প্রথমবার ইঙ্গিত দিয়েছিলেন যে, দক্ষিণ কোরিয়ায় তাঁদের দেখা হতে চলেছে। তিনি আমেরিকা ও চিনের সম্পর্ককে 'খুব ভাল' বলেও দাবি করেন এবং বলেন যে, "দুই দেশেরই উপকার হয় এমন উপায় খুঁজে বের করা হবে।" দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকটি বাণিজ্য যুদ্ধ বাণিজ্যের সমাধান এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।