এই ঘটনার পর চিনে ফের একবার অভিভাবকত্বের ধরন নিয়ে বিতর্ক তুঙ্গে। উঠছে প্রশ্ন—শুধুমাত্র পরীক্ষার নম্বরের ভিত্তিতে সন্তানকে ঘরছাড়া করা কতটা যুক্তিসঙ্গত?

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 17 July 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: চিনের গাওকাও (Gaokao), দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। আর সেই পরীক্ষায় ‘কম নম্বর’ (Exam Score) পেয়ে ঘরছাড়া (Locked Out) হতে হল দক্ষিণ চিনের হুনান প্রদেশের হুয়াইহুয়া শহরের এক কিশোরকে (Chinese Student)।
ঘটনার কেন্দ্রে রয়েছে ১৭ বছরের শাওকাই, যে ৭৫০ নম্বরের গাওকাও পরীক্ষায় ৫৭৫ নম্বর পেয়েছেন। চিনের শিক্ষাব্যবস্থায় এই ফল ‘ভাল’ বলে মানা হলেও, তাঁর বাবা-মায়ের মতে এই নম্বর দেশের সেরা '৯৮৫' শ্রেণিভুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যথেষ্ট নয়।
শাওকাইয়ের বাবা লুও জানিয়েছেন, “দু’বছর আগে ছেলের আবদারে মোবাইল ফোন কিনে দিই। তারপর থেকেই পড়াশোনার চেয়ে গেমেই বেশি সময় দিতে শুরু করে। কথা দিয়েছিল মন দিয়ে পড়বে, কিন্তু স্কুল কামাই করে ফোনেই ডুবে থাকত।”
গাওকাওয়ের ফল প্রকাশ হতেই বাবা-মা বাড়ির দরজার পাসওয়ার্ড বদলে দেন। বন্ধ করে দেন আর্থিক সাহায্যও। বাড়ি ফিরে দরজা খুলছে না দেখে শাওকাই ফোন করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। উত্তরে মা বলেন, “আমি এখন বিজনেস ট্রিপে আছি, নতুন পাসওয়ার্ড জানি না।”
এরপরেই কিশোরকে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে বাবা-মা নিজেদের মতো বাঁচবেন, আর শাওকাইকে বাঁচতে হবে নিজের মতো করে।
শাওকাইয়ের সামনে রাখা হয় দুটি রাস্তা: ১. ফের বাড়ি ফিরে সমস্ত নিয়ম মানতে হবে, ২. নয়তো নিজের মতো করে চাকরি করে জীবন চালাতে হবে।
প্রসঙ্গত, গত বছরের '৯৮৫' শ্রেণির বিশ্ববিদ্যালয়গুলোর কাট-অফ স্কোরের কাছাকাছি রয়েছে শাওকাইয়ের প্রাপ্ত নম্বর। ফলে এখনও পর্যন্ত তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই ঘটনার পর চিনে ফের একবার অভিভাবকত্বের ধরন নিয়ে বিতর্ক তুঙ্গে। উঠছে প্রশ্ন—শুধুমাত্র পরীক্ষার নম্বরের ভিত্তিতে সন্তানকে ঘরছাড়া করা কতটা যুক্তিসঙ্গত?
মনস্তাত্ত্বিকদের মতে, “চিনের প্রবল প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় বহু কিশোর-কিশোরী মানসিক চাপের মুখে পড়ে। অভিভাবক-শিক্ষক সমাজের উচিত, নম্বরের বাইরেও সন্তানের মানসিক স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের দিকে নজর দেওয়া।”
এই ঘটনা সামনে আসতেই চিনে অভিভাবকত্ব, পরীক্ষার চাপ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।