ছবিতে দেখা যাচ্ছে, একটি পান্নার হার ফেভিকলের লোগো দেওয়া প্ল্যাটফর্মে রাখা। অর্থাৎ বিজ্ঞাপনে বোঝাতে চাইছে, “গয়নাটা যদি ফেভিকল (Fevicol) দিয়ে আটকানো থাকত, তবে চুরি অসম্ভব!”

ফেভিকলের বিজ্ঞাপন
শেষ আপডেট: 24 October 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়াম ( Louvre Jewel Heist) থেকে প্রায় ৮৯৬ কোটি টাকার গয়না চুরির ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিল আঠার ব্র্যান্ড ফেভিকল (Fevicol)। একটি চমকপ্রদ বিজ্ঞাপনে (Advertisement) তারা চুরির ঘটনাকে রসিকতার মোড়কে ব্যবহার করেছে।
ছবিতে দেখা যাচ্ছে, একটি পান্নার হার ফেভিকলের লোগো দেওয়া প্ল্যাটফর্মে রাখা। অর্থাৎ বিজ্ঞাপনে বোঝাতে চাইছে, “গয়নাটা যদি ফেভিকল (Fevicol) দিয়ে আটকানো থাকত, তবে চুরি অসম্ভব!”
বিজ্ঞাপনের ক্যাপশন ছিল— “Ab Dhoom machane ki baari hamari. This mission is impossible।” ইন্টারনেটে ভাইরাল এই পোস্টের নীচে মন্তব্যেও সঙ্গে সঙ্গে একেরপর এক মন্তব্য আসতে শুরু করে। ব্লু স্টোন (Bluestone Jewellery) মন্তব্য করেছে, “ফেভিকল বুঝেছে ‘কমিটমেন্ট গোলস’ মানে কী। ইনস্টাগ্রামের অর্ধেকও তা বোঝেনি।”
এক ব্যবহারকারী লিখেছেন, “বিজ্ঞাপনের ইতিহাসে সবচেয়ে বুদ্ধিদীপ্ত আইডিয়া এটা।” আরেকজনের বক্তব্য, “ফেভিকল টিমকে বোনাস দেওয়া উচিত!”
গত রবিবার সকালে প্যারিসের লুভ মিউজিয়াম-এর অ্যাপোলো গ্যালারিতে নজিরবিহীন চুরির ঘটনা ঘটে। চারজন চোর, নির্মাণকর্মীর সাজে সকাল সাড়ে ৯টা নাগাদ মিউজিয়ামে ঢুকে পড়ে। মাত্র সাত মিনিটে তারা দু’টি কাচের শোকেস ভেঙে নিয়ে যায় ১৯ শতকের অমূল্য রাজকীয় গয়না— রানী Marie-Amelie ও Hortense-এর নীলা টিয়ারা ও হার, এমপ্রেস Marie-Louise-এর পান্নার গয়না এবং Empress Eugenie-র টিয়ারা ও ব্রোচ।
চোরেরা দু'টি ইয়ামাহা স্কুটারে পালিয়ে যায়। সেই সময় একটি মুকুট পড়ে গিয়ে পরে উদ্ধার হয় ক্ষতিগ্রস্ত অবস্থায়। চুরির পর থেকে অ্যাপোলো গ্যালারি বন্ধ রাখা হয়েছে। তদন্তে নেমেছে প্রায় ১০০ জন কর্মকর্তা। চুরি হওয়া গয়নাগুলি ইতিমধ্যেই ইন্টারপোলের স্টলেন ওয়ার্কস অফ আর্ট (Stolen Works of Art) তালিকায় যুক্ত হয়েছে।
ল্যুভর কর্তৃপক্ষ স্বীকার করেছে, কিছু অংশে সিসিটিভি কভারেজ ছিল না। মিউজিয়ামের ডিরেক্টর লরেন্স ডেস কার্স এই ঘটনার পর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেও ফরাসি সংস্কৃতি মন্ত্রক তা প্রত্যাখ্যান করেছে।
এই ঘটনার পর প্যারিস সেন্টারের মেয়র এরিয়েল ওয়েল জানিয়েছিলেন, “এটা যেন সিনেমার গল্প। বিশ্বাসই হচ্ছে না যে লুভর মতো জায়গায় এত সহজে চুরি হতে পারে।” ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানিয়েছেন, 'চুরির ঘটনাটি খুবই পরিকল্পিত ছিল। চোরেরা কোন পথে ঢুকবে, কোন জিনিস নেবে, কত সময়ে সব করবে- সবকিছু আগেই ঠিক করে রেখেছিল।'