বন্ধু ট্রাম্প রাতারাতি এভাবে প্রতিপক্ষ বনে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের কটাক্ষের মুখে তিনি চিন ও রাশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর সিদ্ধান্ত মাস কয়েক আগেই নিয়েছিলেন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2025 08:52
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বন্ধ বেশ কয়েক মাস হয়ে গেল। এমনকী অপারেশন সিঁদুর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এবং ট্রাম্পের সক্রিয়তার বিষয়টি সামনে এলেও দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়নি। এখন শুল্ক নিয়ে ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কে যখন ফাটল ধরার জোগাড় তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে মোদী জানিয়েছেন, দুই দেশের সম্পর্কজনিত বিষয় ছাড়াও আরও। কিছু ইস্যুতে তাঁদের কথা হয়। জানা গিয়েছে, রাশিয়ার থেকে ভারত জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে, পুতিনকে এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, এই বিষয়েই মার্কিন আপত্তি মোদী ট্রাম্পের বন্ধুত্বে ফাটল ধরিয়েছে।
আগের দিন বৃহস্পতিবারই জানানো হয় বছর শেষে ভারত সফরে আসবেন পুতিন। এই সফরকে চূড়ান্ত রূপ দিতে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো সফরে গিয়েছেন।
যদিও পুতিনের ভারত সফরের সিদ্ধান্ত আগেই স্থির হয়েছিল। সেই বিষয়টি এমন সময় নয়াদিল্লি সামনে এনেছে যখন রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার ফলে ডোনাল্ড ট্রাম্পের রোষে পড়েছে ভারত। নয়াদিল্লি বার্তা দিতে চেয়েছে, ট্রাম্পের হুমকিতে মস্কোর সঙ্গে বাণিজ্য চুক্তি শিথিল করা হবে না।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগদানের সিদ্ধান্তও নতুন নয়। নয়াদিল্লি সেই সিদ্ধান্ত প্রকাশ করেছে এমন দিনে যেদিন ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেন। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনায় ভারতের উপর চাপানো শুল্কের উপর ২৫ শতাংশ হারে জরিমানা ধার্য করে মার্কিন প্রশাসন।
বন্ধু ট্রাম্প রাতারাতি এভাবে প্রতিপক্ষ বনে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের কটাক্ষের মুখে তিনি চিন ও রাশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর সিদ্ধান্ত মাস কয়েক আগেই নিয়েছিলেন। যদিও মোদীর চিন সফরও পূর্ব নির্ধারিত। দু দেশের সম্পর্কের ৭৫ তম বর্ষ উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে চিনের প্রসিডেন্ট শি জিন পিংয়েরও ভারত সফরে আসার কথা।