
ফাইল ছবি
শেষ আপডেট: 18 March 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams), ব্যারি উইলমোর। দীর্ঘ ৯ মাস পর তাঁরা মহাকাশ (Space Station) ছেড়ে ফিরতে চলেছেন নিজের বাড়িতে। কিন্তু মাত্র ৮ দিনের জন্য গিয়ে যেখানে ৯ মাস থাকতে হল, সেই জায়গা কি সহজে ভোলা যায়? তাই স্পেস স্টেশন ছাড়ার আগে শেষবার একটি ছবি তুলে রাখলেন (Final Photo) সুনীতারা। সেটাই হয়ে থাকবে স্মৃতি।
এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। সে ক্ষেত্রে বলা যায়, এবারের মিশন তাঁদের মনের মণিকোঠায় আলাদা করে জায়গা করে নেবে। তাই মহাকাশ থেকে ফেরার আগে স্পেস স্টেশনে শেষ একটা ছবি তোলা যেন আবশ্যিক হয়ে উঠেছিল।
নাসার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্পেস স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সুনীতারা এবং তার আগে শেষবার ছবি তোলা হচ্ছে তাঁদের। সুনীতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্রাগন যান। নাসার বিবৃতি বলছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনীতা-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময়ে তখন বুধবার ভোর সাড়ে ৩টে।
LIVE: @NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are packing up and closing the hatches as #Crew9 prepares to depart from the @Space_Station. Crew-9 is scheduled to return to Earth on Tuesday, March 18. https://t.co/TpRlvLBVU1
— NASA (@NASA) March 18, 2025
গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতএব ফেরা হয়নি। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তাঁরা। শেষমেশ, দীর্ঘ ন'মাস পর অবশেষে ঘরে ফিরছেন দুই মহাকাশচারী।
সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান হয়েছে তাতে রয়েছেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। গত ১২ মার্চ এই চারজনকে নিয়ে নাসা-স্পেস এক্সের রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চের মাত্র ঘণ্টাখানেক আগে সেই রকেটে ত্রুটি ধরা পড়ে! সেই কারণে মিশন বাতিল করতে বাধ্য হয় তাঁরা। তবে অল্প সময়ের মধ্যেই ফের লঞ্চের প্রস্তুতি নেওয়া হয়। তাঁরাই এখন সুনীতদের ফিরিয়ে আনছেন।