উত্তর ওয়াজিরিস্তানের মির আলি জেলায় সেনাশিবিরে এই হামলায় অন্তত ৭ জওয়ানের মৃত্যু হয়েছে।

তালিবপন্থী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ফিদায়েঁ জঙ্গিরা এই হামলা চালায়।
শেষ আপডেট: 17 October 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা। উত্তর ওয়াজিরিস্তানের মির আলি জেলায় সেনাশিবিরে এই হামলায় অন্তত ৭ জওয়ানের মৃত্যু হয়েছে। তালিবপন্থী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ফিদায়েঁ জঙ্গিরা এই হামলা চালায়। এক আত্মঘাতী বোমারু গাড়ি ভর্তি বিস্ফোরক এনে সেনা শিবিরে ঢুকে পড়ে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের সেনা শিবির থেকে জোরাল বিস্ফোরণের শব্দের পরেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাক খেতে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ১৩ জন জখম হয়েছেন, যার মধ্যে ৫ জন নিরাপত্তা অফিসার রয়েছেন। গাড়ি চালানো ব্যক্তি ও আরও দুজন যারা গাড়ি থেকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিল, তাদের গুলিতে নিকেশ করেছে সেনা জওয়ানরা।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল, বৃহস্পতিবার বলেন, আফগানিস্তানের তালিবান জঙ্গিরা ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ আফগান-পাক সংঘর্ষ নিয়ে ভারতকে দোষারোপ করেন। নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সীমান্তে নোংরা খেলা চালাতে পারে ভারত। তবে তাঁর দেশ আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেলেও দুই সীমান্তেই সমান্তরাল যুদ্ধ চালাতে তৈরি।
সামনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমার কাছে কোনও প্রমাণ না থাকলেও ভারত দুদিক থেকে নোংরা খেলা চালাতে পারে। পরিস্থিতি মোটেই ভাল নয়। যদিও আলোচনার মাধ্যমে সংঘর্ষ পরিস্থিতি এড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।