
হামলাকারী প্রাক্তন সেনা কর্মী
শেষ আপডেট: 4 January 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণ ঘটেছে। লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে ঘটা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তবে যে ব্যক্তি এই হামলা ঘটিয়েছিলেন তিনি এটার জঙ্গি হামলা বলেননি। সকলের জন্য একটি চিরকুট রেখে গেছেন তিনি।
ম্যাথিউ লিভেলসবার্গার (৩৭) নামের এক সেনা কর্মী এই হামলার পিছনে ছিলেন। এই ঘটনার তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ম্যাথিউ ২০০৬ থেকে মার্কিন সেনায় নিযুক্ত ছিলেন এবং দু-বার আফগানিস্তানে মোতায়েনও ছিলেন। তিনি বিস্ফোরণ ঘটনোর আগে একটি নোটে লিখে গেছেন, 'এটা কোনও জঙ্গি হামলা নয়, এটা আমেরিকার জন্য ওয়েক-আপ কল! এ দেশের মানুষ শুধু হিংসার ভাষা বোঝে। এমন ঘটনা না ঘটিয়ে আমি কীভাবে নিজের বক্তব্য স্পষ্ট করতাম।' এই ব্যক্তির কথায়, আমেরিকা কার্যত ভেঙে পড়েছে এবং আগামী কয়েক বছরেই তা ধ্বংস হয়ে যাবে।
পুলিশ জানিয়েছে, সাইবারট্রাকের পেছনে রাখা আতশবাজি, গ্যাস ট্যাঙ্ক ও ক্যাম্পিং ফুয়েল বিস্ফোরণের কারণ। এগুলো একটি ডেটোনেশন সিস্টেম দিয়ে চালকের নিয়ন্ত্রণে ছিল। ঘটনার পর বৃহস্পতিবারই ওই ট্রাকটি থেকে দেহ উদ্ধার করা হয়। দেহ এমনভাবে জ্বলেছিল, তা শনাক্ত করতে বেগ পেতে হয় তদন্তকারীর আধিকারিকদের। ট্রাকে থাকা পরিচয় পত্র ও বিভিন্ন তথ্য যাচাই করে ম্যাথিউয়ের পরিচয় জানা যায়।
বৃহস্পতিবার ভোরে হোটেলের সামনে একটি ২০২৪ মডেলের টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে। গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল টুরো নামের একটি অ্যাপ থেকে। ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হন।
ঘটনার সময়ের সঙ্গে নিউ অরলিয়ান্সে হওয়া আরেকটি হামলার মিল পাওয়া যাচ্ছে। সেখানেও এক ব্যক্তি পিকআপ ট্রাক চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। ওই ঘটনায় ১৫ জন নিহত হন। হামলাকারী ছিলেন শামসুদ-দিন জব্বার, যিনি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। দুই ঘটনায় ব্যবহৃত গাড়ি টুরো থেকে ভাড়া নেওয়া হয়েছিল।