
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 December 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: সামাজিক সুরক্ষা দিতে যৌন কর্মীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ বেলজিয়ামে। বিশ্বে এই প্রথমবার যৌনকর্মীরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকেই শুরু হয়েছে নয়া নিয়ম।
শুধু মাতৃত্বকালীন ছুটিই নয়, পেনশন ও স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন যৌনকর্মীরা। বেলজিয়াম সরকারের এমন পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে কোনওভাবেই যাতে যৌনকর্মীরা বঞ্চনার শিকার না হন তার জন্যই এই বিশেষ পদক্ষেপ।
জানা গেছে, এবার থেকে কর্মসংস্থানের শংসাপত্রও দেওয়া হবে যৌনকর্মীদের। এছাড়া পেনশন থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য বিমা এবং অসুস্থতার জন্য ছুটিও মিলবে।
বেলজিয়াম সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে যৌনকর্মীদের নিরাপত্তা এবং আইনিভাবে সাহায্যের জন্যই এমন ভাবনা। সূত্রের খবর, আগে যৌনকর্মীদের নানাভাবে হেনস্থার অভিযোগ উঠত। কিন্তু এখন থেকে তাঁদের সুরক্ষা দেওয়াই প্রধান ভাবনা সে দেশের সরকারের। জানা গেছে, ‘প্যানিক বাটন’-এর মতো সুবিধা আনা হচ্ছে।
জানানো হয়েছে, খদ্দেরের ব্যবহার আপত্তিকর হলে বা কাজের সময় কোনওরকম অসুবিধায় পড়লেই ওই প্যানিক বাটনের সাহায্য নিতে পারবেন যৌনকর্মীরা।
তবে যৌনকর্মীদের জন্য সরকার দরাজ হলেও অনেকেই এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকের অভিযোগ, দেহ ব্যবসা ও নারী পাচারকে প্রকাশ্যে বৈধতা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার।
২০২২ সালে যৌন পোশাককে বৈধতা দিয়েছিল বেলজিয়াম সরকার। তবে যৌন কর্মীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন উদ্যোগ বিশ্বে প্রথম। তবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা জানালেও যৌনকর্মীদের মতে, ‘সরকারের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আগামীদিনে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাতে কেউ জোর করতে পারবে না। আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন আর কোনও চিন্তা রইল না।’
তবে বেলজিয়াম সরকারের এমন পদক্ষেপে আগামীদিনে যৌনকর্মীদের সুরক্ষা কতটা বাড়বে তা সময় বলবে। কিন্তু এমন উদ্যোগকে যুগান্তকারী বলেই মনে করা হচ্ছে।