ইসলামাবাদে শিয়া উপাসনালয়ের সামনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯-এ। আহত অন্তত ১৬৯, শহরজুড়ে জারি জরুরি অবস্থা।

ইসলামাবাদ
শেষ আপডেট: 6 February 2026 21:19
দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে (Islamabad) শিয়া উপাসনালয়ের (Shia Shrine) সামনে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯। শুক্রবার দুপুরে তর্লাই ইমামবর্গার (Tarlai Imambargah) মূল ফটকে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। জখম কমপক্ষে ১৬৯। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুরে প্রধান প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। শিয়া উপাসনালয়ের ভেতরে প্রবেশ করার আগেই নিরাপত্তারক্ষীরা (Security Guards) তাকে ধরে ফেলে। দ্য টাইমস অব ইসলামাবাদের (The Times of Islamabad) প্রতিবেদন বলছে, মূল হলঘরে লোকজনের ভিড় থাকা সত্ত্বেও হামলাকারীকে আটকানো গিয়েছে। ফলে আরও বড়সড় হত্যালীলার হাত থেকে বাঁচানো গিয়েছে বহু মানুষকে।
প্রাথমিকভাবে হামলাকারীকে আটকানো গেলেও বিস্ফোরণের তীব্রতায় বিধ্বস্ত হয়ে যায় মূল গেট। আশপাশের বাড়ির জানলা ভেঙে গুঁড়িয়ে যায়। রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত দেহ পড়ে আছে রাস্তায়। কয়েকটি দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ছিটকে গিয়েছে বিস্ফোরণের ধাক্কায়।
ঘটনার পরই গোটা শহরে জরুরি অবস্থা জারি করেছেন ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (Inspector General of Police)। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। আহতদের তড়ঘড়ি নিয়ে যাওয়া হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (PIMS) এবং পলিক্লিনিক হাসপাতালে (Polyclinic Hospital)। চিকিৎসকরা জানিয়েছেন, বহু আহতের অবস্থা আশঙ্কাজনক।
এর আগেও আত্মঘাতী বিস্ফোরণে কেঁপেছিল ইসলামাবাদ। ঠিক তিন মাস আগে, ১১ নভেম্বর ২০২৫-এ, জেলা ও সেশন কোর্টের বাইরে বিস্ফোরণে মারা গিয়েছিলেন ১২ জন। জখম হয়েছিলেন ৩০ জনেরও বেশি। তার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় হামলা।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন। নিহতদের পরিবারের প্রতি ‘গভীর শোক’ প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।