
গ্রেফতার করা ব্যক্তিদের 'উপযুক্ত' আইনি সহায়তা দিতে হবে।
শেষ আপডেট: 5 December 2024 10:44
দ্য ওয়াল ব্যুরো: ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসসহ অন্যান্য আটক ব্যক্তিকে বিনা বিচারে গ্রেফতারির বিষয়ে বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকারকে সতর্ক করল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ন্যূনতম মানবাধিকারের রীতিনীতি মেনে সকল আটক ও গ্রেফতার করা ব্যক্তিদের 'উপযুক্ত' আইনি সহায়তা দিতে হবে।
উল্লেখ্য, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ও এক ব্রহ্মচারীকে গ্রেফতারের পর তাঁদের হয়ে আদালতে কোনও আইনজীবী না দাঁড়ানোয় চট্টগ্রামের এক আদালতে জামিনের আবেদনের শুনানি হতে পারেনি। তা একমাসের জন্য পিছিয়ে দিতে হয়। সে নিয়েই বাংলাদেশকে মানবাধিকার আইন নিয়ে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন।
আমেরিকার বিদেশ মন্ত্রকের প্রিন্সিপাল উপ মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন রাখেন। মার্কিন কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে এক সাধুর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, তিনি জামিনের আবেদনের জন্য একজন আইনজীবী দাঁড় করাতে পারছেন না। এ বিষয়ে আমেরিকা কী পদক্ষেপ করতে চলেছে।
জবাবে প্যাটেল বলেন, আমেরিকা বিশ্বের সব দেশের কাছেই সমতা প্রত্যাশা করে, দেশের পররাষ্ট্রীয় নীতি যা তার সঙ্গে তাঁর মতামতও সামঞ্জস্যপূর্ণ। আমেরিকা বিশ্বাস করে, মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন এবং মৌলিক মানবাধিকার রক্ষা করা জরুরি।
তিনি আরও বলেন, যে কোনও আন্দোলনই শান্তিপূর্ণ হওয়া উচিত। আন্দোলন দমাতে রাষ্ট্রকেও আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। মানবাধিকার যাতে কোনওমতেই লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। আমরা সবসময় এর উপরেই জোর দিয়ে থাকি, বলেন প্যাটেল।