গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে। এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় নথিভুক্ত সবধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 August 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার পর ভারতের বিমান চলাচল নিষিদ্ধ করা হয় পাক আকাশসীমায়। নিজেদের এই সিদ্ধান্তের ফলেই মাত্র দু'মাসের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান এয়ারপোর্টস অথারিটি।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা চালু হয়, যার ফলে প্রতিদিন ১০০-১৫০টি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারেনি। এতে ট্রানজিট এয়ার ট্রাফিক প্রায় ২০ শতাংশ কমেছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে। এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় নথিভুক্ত সবধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
বর্তমানে এই নিষেধাজ্ঞা ২৪ অগস্ট ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক অন্যান্য রুটে ভারতীয় বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। অপরদিকে, পাকিস্তানি বিমান এখনও ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারছে না।
পহেলগামের হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), যা লস্কর-ই-তইবার ঘনিষ্ঠ সংগঠন হিসেবে পরিচিত। ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। এতে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়। পরবর্তীতে দুই দেশের সম্মতিতেই সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়।