
ফাইল ছবি
শেষ আপডেট: 6 April 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ‘ঘুস কর মারেঙ্গে’, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে শনিবার ‘উসকানিমূলক’ বলে প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ। ভোটের মুখে রাজনাথ বলেন, পাকিস্তানে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের মারতে খরচ করে সেদেশে যাওয়ার প্রয়োজন কী! দরকার হলে ভারত পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের মাটিতে কয়েকজন জঙ্গিকে হত্যা করার পিছনে ভারতের গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে আঙুল তুলেছিল ইসলামাবাদ। তারপরই রাজনাথ সিং এই মন্তব্য করেন।
সেদেশের নামী সংবাদপত্র দ্য ডন পাকিস্তানের বিদেশমন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ইসলামাবাদ মনে করে, কোনও মন্ত্রীর মুখে এ জাতীয় কথা যথেষ্ট উসকানিমূলক। এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে পাক বিদেশমন্ত্রক। পাকিস্তানে এর আগেও জঙ্গি সন্দেহে কয়েকজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা বলেছে, ভারতের এই কর্মকাণ্ড বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। পাকিস্তানের মাটিতে আইন-আদালতের বাইরে গিয়ে ধরে ধরে খুন করার ঘটনা মেনে নেওয়া যায় না।
পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রয়াস করে গিয়েছে। শান্তি কায়েম রাখতে আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে চলবে না। ইতিহাস জানে, আমরা কীভাবে দেশকে রক্ষা করতে পারি। প্রতিরক্ষা মন্ত্রী যখন পড়শি দেশকে হুঁশিয়ারি দিয়েছেন তখন ব্রিটেনের একটি খবরের কাগজ জানিয়েছে, গত ছয়মাসে ভারত বিরোধী ২০ জঙ্গিকে পাকিস্তানের মাটিতে হত্যা করিয়েছে নয়াদিল্লি। এই ধরনের খবর অবশ্য ভারতের সংবাদমাধ্যমেও নিয়মিত প্রকাশিত হচ্ছিল। কানাডা এবং আমেরিকার মতো পাকিস্তানও কয়েকটি মৃত্যুর ঘটনায় হিন্দুস্থানের দিকে আঙুল তোলে। কানাডায় শিখ জঙ্গি হত্যা, আমেরিকায় প্রবাসী খলিস্তানপন্থী নেতার উপর হামলার ঘটনা নিয়ে ওই দুই দেশ নয়াদিল্লিকে কাঠগড়ায় তুলেছে।
যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সরাসরি ওই খবরের সত্যতা অস্বীকার করেছেন। রাজনাথও বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দায় নেননি। তবে স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক হওয়া অসম্ভব নয়।