পাকিস্তান প্রধানমন্ত্রী অবশ্য কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘কাশ্মীরে যা হয়েছে তা ‘অমানবিকতা’। মানবাধিকারের চরম লঙ্ঘন।’’

শাহবাজ শরিফ
শেষ আপডেট: 5 July 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ফের ভারতের (India) বিরুদ্ধে আক্রমণ শানালেন। আজারবাইজানে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ECO) শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Attack) পর ভারত ‘উস্কানিমূলক ও বেপরোয়া’ আচরণ করেছে, যার লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় শান্তি বিঘ্নিত করা।
শাহবাজ দাবি করেছেন, পহেলগামের ঘটনাকে 'হাতিয়ার' করে পাকিস্তানে তো বটেই, দক্ষিণ পশ্চিম এশিয়ায় অশান্তি সৃষ্টি করেছে ভারত। জঙ্গি হামলার ঘটনাকে সামনে রেখে নয়াদিল্লি যে আচরণ করেছে তা যুদ্ধ শুরু হওয়ার জন্য যথেষ্ট ছিল। পাকিস্তান প্রধানমন্ত্রী অবশ্য কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘কাশ্মীরে যা হয়েছে তা ‘অমানবিকতা’। মানবাধিকারের চরম লঙ্ঘন।’’
গত ২২ এপ্রিল কাশ্মীরের (Jammu Kashmir) বৈসরন ভ্যালিতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছিল। তবে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। এদিকে পাকিস্তানও প্রথম থেকে দাবি করে আসছে যে, এই হামলার পিছনে তাদের কোনও হাত নেই। এখন খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনা নিয়ে ভারতকেই নিশানা করলেন।
পহেলগামের ঘটনার পর প্রতিক্রিয়া হিসেবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছিল। সেই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাল্টা পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা চালালেও ভারত তা প্রতিহত করে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কম করে ৪-৫ দিন চলে। তারপর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান।
আজারবাইজানে দাঁড়িয়ে শাহবাজ অবশ্য একযোগে গাজা, কাশ্মীর ও ইরানে সাধারণ নাগরিকদের ওপর ‘নির্মম আক্রমণের’ নিন্দা করেছেন। বলেন, যেখানেই নিরীহ মানুষের ওপর বর্বরতা চলছে, পাকিস্তান তার প্রতিবাদ জানায় তা গাজা হোক, কাশ্মীর বা ইরান।