Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাফিজ বন্দি, মাসুদ আফগানিস্তানে! ভারতকে পাল্টা 'তথ্য' দেওয়ার আবেদন বিলাওয়ালের

ভারত বহু বছর ধরে পাকিস্তানের কাছে মাসুদ আজহার ও লস্কর প্রধান হাফিজ সইদকে তুলে দেওয়ার দাবি জানালেও ইসলামাবাদ বারবার সেই দাবি অস্বীকার করে এসেছে।

হাফিজ বন্দি, মাসুদ আফগানিস্তানে! ভারতকে পাল্টা 'তথ্য' দেওয়ার আবেদন বিলাওয়ালের

বিলাওয়াল ভুট্টো (ফাইল ছবি)

শেষ আপডেট: 5 July 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি)-র নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন, জইশ-ই-মহম্মদের প্রধান এবং ২০০১ সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, পঠানকোট ও পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার পাকিস্তানে নেই। বরং তাঁর ধারণা, আজহার বর্তমানে আফগানিস্তানে রয়েছেন।

ভারত বহু বছর ধরে পাকিস্তানের কাছে মাসুদ আজহার ও লস্কর প্রধান হাফিজ সইদকে তুলে দেওয়ার দাবি জানালেও ইসলামাবাদ বারবার সেই দাবি অস্বীকার করে এসেছে। পাকিস্তানে তাঁদের উপস্থিতির কথা পর্যন্ত অস্বীকার করা হয়। যদিও ভারতের হাতে বহু এমন প্রমাণ রয়েছে, যা নিশ্চিত করে  এই দুই কুখ্যাত জঙ্গি নেতা পাকিস্তানেই সক্রিয়।

সেই প্রেক্ষিতে ফের মুখ খুললেন বিলাওয়াল। বললেন, 'হাফিজ সইদ পাকিস্তানের হেফাজতে রয়েছেন। মুক্ত ঘুরে বেড়াচ্ছেন এমন নয়। আর মাসুদ আজহারের কথা বললে, আমরা এখনও পর্যন্ত ওঁকে খুঁজে বের করতে পারিনি। আমাদের বিশ্বাস, আফগান জেহাদের কারণে আজহার এখন আফগানিস্তানেই লুকিয়ে রয়েছেন।”

বিলাওয়াল ভারতের দিকে বল ঠেলে বলেন, 'যদি ভারত সরকার আমাদের তথ্য দেয় মাসুদ আজহার পাকিস্তানের মাটিতে রয়েছেন এবং কোথায় রয়েছেন, তাহলে আমরা খুশি মনে ওঁকে গ্রেফতার করব।'

পাল্টা প্রশ্নে পাক রাজনীতিকের দাবি, 'যখন কোনও দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা থাকে, তখন একে অপরের উদ্বেগের তালিকা ভাগ করে নেওয়া হয়। এ ভাবেই আমরা লন্ডন, নিউ ইয়র্ক বা পাকিস্তানে অনেক হামলা রুখতে পেরেছি।' আফগানিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, 'আজহার যদি আফগানিস্তানে থাকে, তবে এটা মনে রাখা দরকার যে তালিবানকে এক সময় পশ্চিমারা সন্ত্রাসবাদী বলত, তারাই এখন আফগানিস্তানের শাসক। সেখানে গিয়ে পাকিস্তানের পক্ষে এমন অভিযান চালানো সম্ভব নয়, যা ন্যাটোও করতে পারেনি।'

তাঁর এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন মাসুদ আজহার নিজেই দাবি করেছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ জইশের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁর পরিবারের ১০ সদস্য ও চার ঘনিষ্ঠ সহচর নিহত হয়েছেন। ওই অভিযানে মুরিদকে-তে লস্করের প্রধান ঘাঁটি এবং বাহাওয়ালপুরে জইশ-এর হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালায় ভারত।

এদিকে, বিলাওয়াল সম্প্রতি ‘সিন্ধু জল চুক্তি’ নিয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দেন। বলেন, 'সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় আমাদের জল বইবে, না হয় ওদের রক্ত।' এই হুমকির পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি পাল্টা বলেন, 'ওঁর এমন কথা পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। বলুন গিয়ে জলে ঝাঁপ দিন। যদিও জল থাকবে কোথায়।'

এই সব বক্তব্য শুনেই কূটনীতিকরা বলছেন, বিলাওয়ালের সাম্প্রতিক মন্তব্য ফের প্রমাণ করে দিল, পাকিস্তান এখনও সন্ত্রাসবাদের আসল চিত্র ঢাকতে চাইছে আন্তর্জাতিক মহলের সামনে।


```