ঘটনাটি ঘটে চলতি বছরের ১১ এপ্রিল, কাশ্মীরের প্রখ্যাত পর্যটন শহর পহেলগামের একটি হোটেলে।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের অনন্তনাগের একটি আদালত ৭০ বছর বয়সি মহারাষ্ট্রের এক পর্যটকের ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। আদালত এই ঘটনাকে ‘সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন’ এবং ‘অসুস্থ মানসিকতার’ বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে।
দিল্লির এক সংবাদমাধ্যম অনুযায়ী, ঘটনাটি ঘটে চলতি বছরের ১১ এপ্রিল, কাশ্মীরের প্রখ্যাত পর্যটন শহর পহেলগামের একটি হোটেলে। অভিযোগ, অভিযুক্ত জোর করে ওই বৃদ্ধার রুমে ঢোকে। তারপর কম্বলে চেপে ধরে তাঁকে ধর্ষণ করে। ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা।
আদালত পর্যবেক্ষণে বলে, ‘একজন বৃদ্ধা অতিথি, সাধু-সন্তের ভূমিতে এসেছিলেন শান্তি খুঁজতে। কিন্তু তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে, তার ফলে তিনি হয়তো সারাজীবন আক্ষেপ করবেন এখানে আসার সিদ্ধান্তের জন্য।’
এই ঘটনার নৈতিকতাকে শুধু ফৌজদারি অপরাধের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আদালত বলেন, ‘এটি কেবল অপরাধ নয়, বরং নৈতিকতার ভাঙন এবং সমাজের এক অসুস্থ মানসিকতার প্রতিফলন।’
আদালত বলেছে, ‘বেল, নট জেল’ নীতি সব ক্ষেত্রে যান্ত্রিকভাবে প্রয়োগ করা যায় না। এই মামলায় অভিযুক্তের জামিনযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে কয়েকটি বিষয়ের ভিত্তিতে। তা হল - অপরাধের ভয়াবহতা, তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি, পালিয়ে যাওয়ার সম্ভাবনা, সাক্ষ্যপ্রমাণ প্রভাবিত করার ঝুঁকি, সমাজে ওই ঘটনার প্রভাব। এইসব বিবেচনা করা পর আদালত মনে করে, এই পর্যায়ে জামিন দেওয়া আইনসঙ্গত হবে না।
আদালতের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগকারিণীর জবানবন্দি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, চিকিৎসাসংক্রান্ত ও ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যে জমা করা হয়েছে। এসবই প্রাথমিকভাবে মামলাকে সমর্থন করে। জামিনের আবেদন বা আইনজীবীদের সওয়ালেও এমন কিছু ছিল না, যা জামিন পাওয়ার যৌক্তিকতা তুলে ধরতে পারে।
আদালত রায়ে কাশ্মীরের ভাবমূর্তির দিকেও দৃষ্টি আকর্ষণ করে। জানায়, ‘কাশ্মীর শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে নয়, বরং তার নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ দিয়েও ‘স্বর্গ’ হিসেবে বিবেচিত। যদি এই মূল্যবোধ-ই টিকে না থাকে, তাহলে পর্যটন শুধু সৌন্দর্যে টিকে থাকতে পারবে না।’