প্যালেস্তাইনে ইদ উল আজহা পালন শুরু হয় শুক্রবার। ইজরায়েলের লাগাতার হামলায় যেখানকার মানুষের কাছে উৎসব অর্থহীন।

শেষ আপডেট: 7 June 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইদ উল আজহার (Eid Ul Azha/Adha) দিনেও প্যালেস্তাইনের (Palestine) উপর হামলা অব্যাহত রাখল ইজরায়েল (Israel)। গাজার (Gaza) উপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৪২ জন। আহত অসংখ্য। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তারা।
এদিকে, ইজরায়েলি সেনা জানিয়েছে, গাজায় তাদের তারজন সৈনিক নিহত হয়েছে। গাজায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একটি শিবিরে হানা দিলে পাল্টা আক্রমণে প্রাণ যায় ওই চার ইজরায়েলি সেনার।
প্যালেস্তাইনে ইদ উল আজহা পালন শুরু হয় শুক্রবার। ইজরায়েলের লাগাতার হামলায় যেখানকার মানুষের কাছে উৎসব অর্থহীন। প্রতি মূহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন কিছু মানুষ। খাবার, পানীয় জল, ওষুধ, বিদ্যুতের তীব্র আকাল। থেকে থেকে সাইরেন বেজে উঠছে ইজরায়েলি বিমান হানার খবর দিতে। যদিও তাতে শেষ রক্ষা হচ্ছে না। প্যালেস্তাইনের আকাশ প্রতিরোধ ব্যবস্থা বলে কিছুই অবশিষ্ট নেই। ইদ উল আজহা নিয়ে স্থানীয় মানুষ বলেছেন, আমরা বড়জোর নিজেদেরই কুরবানি দিতে পারি।
পরিস্থিতি এমনই যে বহু মানুষ ইদ উল আজহার দিনটি প্রিয়জনের কবরে প্রার্থনা করে কাটিয়েছেন। শিশুকন্যার কবরের পাশে বসে উম্মে আহমদ আউয়িদা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এবার নিয়ে পর পর দু’ বছর আমরা ইদ উদযাপন করছি বিমান হামলা আর মৃত্যু প্রত্যক্ষ করে আর ক্ষুধার্থ মানুষের আর্তনাদ শুনে।
এবার হামলা নিয়ে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসবের সময় মানুষ যখন মসজিদে, ইদগা ময়দানে নমাজ পাঠের বিশেষ আয়োজনে শামিল হয় তখন ইজরায়েলি সেনার ক্ষেপণাস্থ হামলায় প্রাণ যায় ৪২ জনের। গাজার স্বাস্থ্য দফতর প্যালেস্তাইনের উত্তর ও দক্ষিণ-দুই প্রান্তে একযোগে হামলা চালায় ইজরায়েল।
প্যালেস্তাইনের দাইর আল-বালাহ শহর থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু-আজৌম জানিয়েছেন, গাজায় ইদ বলতে আনন্দের বদলে বোমাবর্ষণ ও প্রাণহানী চলছে। গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, টানা ১৯ মাসের যুদ্ধে পালেস্তাইনের ৫২ হাজার মানুষ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন।