
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 December 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ৭ অক্টোবর। ইজরায়েলের ওপর হামলা চালায় হামাস। সে বার বড়দিনের জাঁকজমক ফিকে হয়ে গিয়েছিল। এবারও তাই। পরপর দু'বছর ক্রিসমাসে যিশু ঠাকুরের জন্মস্থানে বড়দিনের সেই পরিচিত ছবি ফিরল না। বরং পালন হল 'মিউট ক্রিসমাস' বা 'নিঃশব্দ বড়দিন'। গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক তো বটেই, সিরিয়া, লেবানন, ইজরায়েলেরও বিরাট একটা অংশে এই ভাবেই 'উৎসব' পালন হল।
২৫ ডিসেম্বর ওয়েস্ট ব্যাঙ্ক শহরে পর্যটকদের ঢল নামে। মানুষের উন্মাদনা থাকে তুঙ্গে। জামা-কাপড় থেকে খাবারের দোকান, ক্যাফেটেরিয়ায় ভিড় উপচে পড়ে। দরজায় ঝুলতে থাকে 'ওয়েলকাম' লেখা। কিন্তু এবার? পর্যটকহীন শহরে 'নো ক্রিসমাস' ব্যানার ঝুলল।
মার্কিন মুলুক থেকে ইউরোপিয়ান কান্ট্রি, সময়ের সঙ্গে চলতে চলতে ক্রিসমাস সেলিব্রেশনের ট্রেন্ড বদলে বদলে যাচ্ছে। একটা বড় অংশের মানুষ মনে করেন, ফালতু টাকা খরচ করে উৎসব উদযাপন করার কোনও মানেই হয় না। এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় মধ্যবিত্তদের মধ্যে। ইউরোপিয়ান কনজিউমার ইনডেক্স-এর পরিসংখ্যান বলছে, এবার বড়দিনে মধ্যবিত্তরা খুব একটা খরচই করেনি বলেই চলে।
ভারত তথা কলকাতার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। বাঙালির প্রিয় দুর্গাপুজোর মতো অতটা না হলেও, কেনাকাটা, খাওয়া-দাওয়া সব মিলিয়ে যে ছবি দেখা গিয়েছে, তাতে আমেরিকা-ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলে বলে দশ গোল দিতে পারে।
কিন্তু পরপর দু'বছর বেথলেহেম-এর চার্চ অফ নেটিভিটিতে ক্রিসমাস ক্যারল, মিড-নাইট মাস উদযাপন হলেও যিশু ঠাকুরের জন্মভিটেয় সেই চেনা উন্মাদনা অনেকটাই উধাও।